
ক্রাইম নিউজ প্রতিবেদক :

“আমি ঘর-বাহির সব সামলাতে পারি, কারণ আমি একজন নারী।” হ্যাঁ, আমাকে পারতে হয়। বলছি এক কর্মজীবী নারীর মনের কিছু অব্যক্ত বাসনার কথা।
আমি আমার সংগ্রামী জীবন চলার পথে এমন অনেক মেয়েকে দেখেছি, যারা ঘর ও বাহির এক হাতে চমৎকারভাবে ও সফলতার সঙ্গে পরিচালনা করছেন। এসব নারী কর্মজীবী। তাদের দ্বিগুণ পরিশ্রম করতে হয়। একদিকে কর্ম, অন্যদিকে পারিবারিক জীবন—স্বামী, ছেলে-মেয়ে, শ্বশুরবাড়ির লোকদের প্রতি দায়িত্ব-কর্তব্য—সব সামলাতে হয় একজন নারীকে।
কারও কারও ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকদের মন রক্ষা করে ভালো বউ হয়ে ওঠা হয়ে যায় এক ধরনের বড় চ্যালেঞ্জ। এর জন্য তাকে পরিশ্রম করতে হয় কয়েকগুণ বেশি। আবার ছেলে-মেয়ে লেখাপড়া করছে না কেন? স্বামী কেন অন্য নারীর প্রতি আসক্ত? সংসার টিকে থাকল না কেন? সংসারে কো-অপারেট করে চলতে পারল না কেন? ইত্যাদি, ইত্যাদি—সকল অনাকাঙ্ক্ষিত কাজের দায় যেন নারীর ওপর এসে পড়ে। কিন্তু কেন? কীসের এমন অবিচার?
কখনো কেউ কি বুঝতে চেয়েছে একজন নারীর মনের না বলা হাজারো কষ্ট, বেদনা আর আত্মনাদ-এর কথা? কখনো কি সে তা বুঝতে দিয়েছে? তার মনের হাজারো কষ্ট সে চেপে রাখে। এমনকি রাতভর চোখের জলে বালিশ ভিজিয়ে সকালে হাসিমুখে ঘরের দরজা খুলতে হয়—কী বিচিত্র এই সমাজ! প্রতিনিয়ত আড়াল করে চলতে হয় নিজের দুঃখকে। এই হলো সেই নারী।
যতক্ষণ বাড়িতে থাকতে হয়, সংসার সামলাতে হয়। যখন অফিসে, তখন অফিসের কাজে নিজেকে ডুবিয়ে রাখতে হয়। আবার বাড়িতে ফিরতে ফিরতে মনে হাজার প্রশ্ন নিয়ে ফিরতে হয়—মেয়েটা খেয়েছে কিনা, ছেলে লেখাপড়া করেছে কিনা, সংসারের অন্য সদস্যদের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, স্বামী ঠিকঠাকমতো বাড়িতে ফিরেছে কিনা—ইত্যাদি, ইত্যাদি।
এই ধারাবাহিকতার মাঝে তার মন চায় একটু বিশ্রাম, একটু অবসর, একটু নিরিবিলি সময়, একটু ভালো লাগার মুহূর্ত। কিন্তু কজনের জীবনে সেই সময়টুকু জোটে?
এই তো সেই নারী, যে নিজের মনের মতো একজন জীবনসঙ্গী পাশে পেলে হয়তো সব কষ্ট-দুঃখ মুছে ফেলতে পারে, জীবনকে বিলিয়ে দিতে পারে পরিবারের জন্য। পরিবারের লোকজন যদি তার পাশে থাকে, সফলতার শিখরে পৌঁছাতে পারে যদি সংসার, পরিবার আর সমাজের সাপোর্ট পায়।
আমি একজন কর্মজীবী নারী। পেশায় শিক্ষকতা করি। পরিশ্রম করতে হচ্ছে কয়েকগুণ বেশি। কিন্তু আমি হারতে চাই না। আমি আমার মেধা, পরিশ্রম, দৃঢ়তা আর প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই অনেক দূর। জীবনযুদ্ধের সংগ্রামের মধ্যে দিয়েই টিকে থাকতে চাই নিজেকে।
সকল মেয়েদের প্রতি আমার অনুরোধ—জীবনটা তোমার নিজের। তাই ভালো থাকার পথটা নিজেকেই তৈরি করে নিতে হবে। আমাদের সমাজব্যবস্থার অন্ধকারে নিজেকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। লেখাপড়া থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না। নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে হবে। মেধাকে পরিশ্রম দিয়ে জয় করতে হবে। সমাজের কোনো কুচিন্তায় কর্ণপাত করা যাবে না। কারও ভয়ে নিজেকে আড়াল করবে না। সকল বাধা পেরিয়ে বিশ্বদরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে একজন আলোকিত মানুষ হিসেবে।
ধন্যবাদ জানাই সেসব পুরুষকে, যারা নারীদের প্রতি বিরাগ নয়, বরং নারীর প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা আর সহমর্মিতার। যদিও তাদের সংখ্যা খুব কম আমাদের সমাজে। হয়তো একদিন এই অবস্থার উন্নতি হবে। নারীর মনের অব্যক্ত আত্মনাদ বুঝতে পারবে তার পাশে থাকা কাছের মানুষগুলো।
এই প্রত্যাশায় রইলাম।
আজমীরা খানম
সিনিয়র শিক্ষক (ইংরেজি)
বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ।