মুকসুদপুরে বাস-কন্টেনারের সংঘর্ষ, পথচারী নিহত।

স্টাফ রিপোর্টার, বেবী আক্তার এ্যানি :

মুকসুদপুরে বাস-কন্টেনারের সংঘর্ষ, পথচারী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ওয়েকাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪০৭৯) গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সড়কের পাশে থাকা পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও অজ্ঞাত কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।