বাংলাদেশে রেহানা পারভীনের রহস্যজনক মৃত্যু: মাটির নিচে মরদেহ।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশে রেহানা পারভীনের রহস্যজনক মৃত্যু: নিখোঁজ থেকে মাটির নিচে মরদেহ।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক রেহানা পারভীনের রহস্যজনক মৃত্যু ঘিরে দুই দেশে চলমান তদন্তে নতুন করে আলোচনায় এসেছে তাঁর স্বামী আওলাদ হোসেনের নাম। স্ত্রী হত্যার তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে বাংলাদেশে ৯০ হাজার অস্ট্রেলীয় ডলারের বেশি অর্থ পাঠানোর অভিযোগে সম্প্রতি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP) আওলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে।

তবে এই গ্রেপ্তার রেহানা পারভীনের মৃত্যুর মামলায় নয়। অস্ট্রেলিয়ায় তাঁর বিরুদ্ধে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রেহানার মৃত্যুর ঘটনায় বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও বাংলাদেশ বা অস্ট্রেলিয়ায় এখনো তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগে চার্জ গঠন হয়নি। অস্ট্রেলীয় পুলিশও জানিয়েছে, রেহানার মৃত্যুর তদন্ত আলাদা ভাবে চলমান।

কিন্তু দুই বছর আগে কী ঘটেছিল রেহানা পারভীনের সঙ্গে ? অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে রেহানা
রেহানা পারভীন ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক এবং পাঁচ সন্তানের মা। ২০২৪ সালের জুনে তিনি পারিবারিক কারণে বাংলাদেশে আসেন।

বাংলাদেশে আসার পর তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকায় পরিবারের সঙ্গে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
পরবর্তীতে তাঁর স্বামী আওলাদ হোসেনও বাংলাদেশে আসেন।

অস্ট্রেলীয় পুলিশের বর্তমান তদন্ত অনুযায়ী, রেহানার মৃত্যুর পর থেকেই তাঁর ঘটনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আলাদা ভাবে তদন্ত শুরু করে।

২০২৪ সালের জুলাইয়ের শুরুতে রেহানার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি নিখোঁজ হওয়ার পর বিষয়টি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের কর্তৃপক্ষের নজরে আসে।
কিন্তু নিখোঁজ হওয়ার পর তাঁকে জীবিত অবস্থায় আর পাওয়া যায়নি।

রেহানা পারভীন নিখোঁজ হওয়ার পর তাঁর সন্ধানে অনুসন্ধান শুরু করে বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় প্রথমে অপহরণের মামলা করা হয়েছিল এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা ঢাকার অদূরে আশুলিয়ার একটি বাড়ির সামনে মাটি খুঁড়ে রেহানার মরদেহ উদ্ধার করেন।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর মাটির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহটি একটি সেপটিক ট্যাংকের কাছাকাছি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

রেহানার মরদেহ উদ্ধারের পর ঘটনাটি নতুন মোড় নেয়। নিখোঁজের মামলাটি পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয় এবং তদন্তকারীরা মৃত্যুর পেছনে কারা জড়িত, কীভাবে তাঁকে হত্যা করা হয়েছিল এবং কেন মরদেহ গোপন করা হয়েছিল, তা অনুসন্ধান শুরু করেন। গ্রেপ্তার দুইজন, পরে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র
রেহানা নিখোঁজ হওয়ার ঘটনায় বাংলাদেশে প্রথম দিকে পাপিয়া আক্তার ও আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই রেহানার মরদেহ উদ্ধারের পথ পাওয়া যায় বলে বাংলাদেশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত আরও বিস্তৃত হয়।

তদন্ত শেষে ২০২৬ সালের ৩১ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে রয়েছেন—
আওলাদ হোসেন রেহানা পারভীনের স্বামী, পাপিয়া আক্তার, আওলাদ হোসেনের বোন।মাকসুদা বেগম,
আওলাদের আরেক বোন। কবির হোসেন, আওলাদের চাচাতো ভাই। আমজাদ হোসেন, আওলাদের চাচা।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিন প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তার অভিযোগপত্রে এই পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগপত্রে নাম থাকা এবং আদালতে অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। মামলাটি বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।

কিন্তু প্রশ্ন থেকে যায় রেহানা পারভীন কীভাবে মারা গেলেন কেন তাঁর মরদেহ গোপন করা হয়েছিল ? তাঁর মৃত্যুর সঙ্গে কারা সরাসরি জড়িত ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—তাঁর স্বামী আওলাদ হোসেনের ভূমিকা কী ছিল ?

বাংলাদেশে তদন্ত চলার মধ্যেই আওলাদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশও রেহানার মৃত্যুর বিষয়ে আলাদা তদন্ত শুরু করে। AFP জানিয়েছে, রেহানা অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় বিদেশে তাঁর মৃত্যুর ঘটনায় অস্ট্রেলিয়ার আইনি এখতিয়ারের আওতায় তদন্ত পরিচালনার সুযোগ রয়েছে।

রেহানার মৃত্যুর তদন্ত চলতে চলতেই অস্ট্রেলিয়ান পুলিশের হাতে এমন কিছু আর্থিক লেনদেনের তথ্য আসে, যা মামলাটিকে নতুন মাত্রা দেয়।

AFP-এর অভিযোগ, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আওলাদ হোসেন বাংলাদেশে পরিচিত কয়েকজন ব্যক্তির কাছে একাধিক দফায় ৯০ হাজার অস্ট্রেলীয় ডলারের বেশি অর্থ পাঠান।

অস্ট্রেলীয় পুলিশের দাবি, ওই অর্থের কিছু অংশ বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের ঘুষ দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল।

উদ্দেশ্য ছিল রেহানার মৃত্যুর তদন্তে প্রভাব বিস্তার করা এবং তদন্তে আওলাদ হোসেনের বিরুদ্ধে থাকা সংশ্লিষ্টতা কমানো বা তাঁর নাম পুলিশের নথি থেকে সরানোর চেষ্টা করা।
তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
AFP এখনো এমন কোনো প্রমাণ পায়নি যে কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা ওই ঘুষের অর্থ গ্রহণ করেছেন।

AFP কমান্ডার স্টিফেন জয় স্পষ্টভাবে বলেছেন, তদন্তকারীদের কাছে কোনো প্রমাণ নেই যে কথিত অর্থ বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছেছিল কিংবা ওই অর্থ বাংলাদেশের তদন্তকে প্রভাবিত করেছিল। বরং বাংলাদেশ পুলিশের সঙ্গে অস্ট্রেলিয়ার তদন্তকারীদের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

অর্থাৎ, ৯০ হাজার অস্ট্রেলীয় ডলারের অর্থ বাংলাদেশে পাঠানোর অভিযোগ আছে, কিন্তু কার কাছে শেষ পর্যন্ত অর্থ পৌঁছেছিল এবং কোনো সরকারি কর্মকর্তা তা গ্রহণ করেছিলেন কি না, সেই প্রশ্নের উত্তর এখনো প্রকাশ্যে পাওয়া যায়নি।
এই জায়গাটিই রেহানা পারভীনের মৃত্যুর তদন্তকে আরও রহস্যময় করে তুলেছে।

[ প্রথম পর্ব।