গোবিপ্রবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আতাউর রহমান।

মো: মিঠুন হাসান জাকারিয়া, গোবিপ্রবি, প্রতিবেদক :

গোবিপ্রবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আতাউর রহমান।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানকে গোবিপ্রবির প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে—পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।

নতুন দায়িত্বে অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী প্রো-ভিসি পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রো-ভিসিকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বও তাকে পালন করতে হবে।

এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গোবিপ্রবির সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রো-ভিসির পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানকে বিশ্ববিদ্যালয়টির নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো।