
মোহাম্মদ রুমী শরীফ, পটুয়াখালী :

পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বনানী ঈদগাহ মাঠের সামনে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল সিকদার ওরফে ‘সোনা সোহেল’ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সোহেল সিকদার পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুরপাড় (স্টাফ কলোনি) এলাকার মো. আলী আকবর সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী ঈদগাহ মাঠের সামনে এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় সোহেল সিকদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল সিকদারের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনটির ধারা ৩৬(১) অনুযায়ী ধারা ৯ ও ১০-এর বিধান লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সারণিতে মাদকদ্রব্য ও অপরাধের ধরন অনুযায়ী দণ্ডের বিধান রয়েছে।
মামলার পর গ্রেপ্তার সোহেল সিকদারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।