গোপালগঞ্জে পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কোটালীপাড়া প্রতিবেদক, এইচ এম আওলাদ :

গোপালগঞ্জে পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম শিমুলবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি মাদকাসক্ত ছিলেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, শুক্রবার বিকেলে মিরাজুল ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ের গাছে মিরাজুলের ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে কোনো একপর্যায়ে দড়ি ছিঁড়ে মরদেহটি পুকুরে পড়ে যায়।

পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।