গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ ফারুকী লিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কাশিয়ানী থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন লিটন। পথে পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।