গোপালগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল,মাদ্রাসা,কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

আবিদুর রহমান নাহিয়ান :

গোপালগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

গোপালগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, গোপালগঞ্জের আয়োজনে জেলা প্রশাসন স্কুল ও কলেজ মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং জেলা শিক্ষা অফিসার খোঃ রূহুল আমীন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শুধু শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, মাঠের খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ ও সুদৃঢ় শৃঙ্খলাবোধ গড়ে ওঠে। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও সাহসী হওয়ার পাশাপাশি বাস্তব জীবনে পরিশ্রমী, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম হয়ে ওঠে।

পুলিশ সুপার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য উৎসাহ দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলার ক্রীড়ামোদী সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।