
এ জেড আমিনুজ্জামান রিপন :

‘কোরবানির ঈদে বাড়ি আসবে। পরিবারের সবার সঙ্গে ঈদ করবে। তারপর বিয়ে করাব—এমন স্বপ্নই ছিল আমাদের। ছেলের জন্য ঘরও গোছানো হচ্ছিল। কিন্তু সেই ঈদ আর করা হলো না, বিয়েও হলো না। ছেলেটা যে এভাবে চলে যাবে, তা কখনো ভাবিনি।’
কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামের প্রবাসী শ্রমিক শরিফুল ফকিরের (৩৫) মা নাসিমা বেগম (৫৫)।
পরিবারের স্বপ্ন ছিল, দীর্ঘ প্রবাসজীবন শেষে কোরবানির ঈদে দেশে ফিরবেন শরিফুল। বাড়ির মানুষজনের সঙ্গে ঈদ করবেন, এরপর শুরু হবে তাঁর বিয়ের আয়োজন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—ঈদের আনন্দ আর বিয়ের আয়োজনের বদলে এখন সেই বাড়িতেই চলছে শোকের মাতম।
সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে মালয়েশিয়ায় মাটি কাটার কাজ করার সময় মাটিচাপা পড়ে মারা যান শরিফুল। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শরিফুল ফকির বর্ণি গ্রামের নজরুল ফকিরের চার সন্তানের মধ্যে সেজো ছেলে। প্রায় চার বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে নিজের খরচ মিটিয়ে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতেন। পরিবারের স্বজন ও প্রতিবেশীদের ভাষ্য, প্রতি মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়িতে পাঠাতেন শরিফুল। তাঁর উপার্জনের ওপরই অনেকটা নির্ভরশীল ছিল পরিবারটি।
শরিফুলের ফুফু বিলকিস বেগম বলেন, মৃত্যুর আগের রাতেও তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছিল শরিফুলের।
‘ফুফু, কোরবানির ঈদে বাড়ি আসব। ভালো একটা ঘর করে বিয়ে করব। তোমরা মেয়ে দেখে রেখো’—ফোনে এমন কথাই বলেছিলেন শরিফুল।
ফুফু তাঁকে বলেছিলেন, দেশে ফিরলে সবাই মিলে মেয়ে দেখতে যাবেন। কিন্তু সেই কথোপকথনের কয়েক ঘণ্টা পরই আসে মৃত্যুসংবাদ।
বিলকিস বেগম বলেন, ‘রবিবার রাতে ওর সঙ্গে কথা হলো। পরদিন সকাল ১০টার দিকে শুনি আমাদের শরিফুল আর নেই। ছেলেটা খুব হাসিখুশি ছিল। সবাইকে সম্মান করত। এখন আর ফোন করে ফুফু বলে ডাকবে না।’
এই কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
পরিবারের সদস্যরা জানান, মালয়েশিয়ায় ড্রেন নির্মাণের জন্য মাটি কেটে দুই পাশে স্তূপ করে রাখা হয়েছিল। কাজের সময় শরিফুল ড্রেনের ভেতরে নামলে হঠাৎ পাশের মাটি ধসে তাঁর ওপর পড়ে। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
শরিফুলের বাবা নজরুল ফকির বলেন, ‘আমাদের পরিবারের মধ্যে শরিফুলই একমাত্র রোজগার করত। তার পাঠানো টাকাতেই সংসার চলত। এখন ছেলেকে হারিয়ে আমরা কীভাবে চলব, জানি না।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলেকে একটু দ্রুত দেশে এনে দেন। শেষবারের মতো ছেলেটাকে দেখতে চাই।’
শরিফুলের ছোট ভাই শিপুল ফকির বলেন, পরিবারের উন্নতির জন্য তাঁর ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। বাড়িঘর ঠিকঠাক করবেন, এরপর বিয়ে করবেন—এমন পরিকল্পনাই ছিল তাঁর।
তিনি বলেন, ‘রবিবারও ভাইয়া ফোন করে বলেছে, আগামী কোরবানির ঈদে বাড়ি আসবে। সবার সঙ্গে ঈদ করবে। এরপর বিয়ে করবে। আমাদের সবাইকে মেয়ে দেখতেও বলেছে। কিন্তু ভাইয়ের কোনো স্বপ্নই পূরণ হলো না।’
শিপুল আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের একটাই দাবি—ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।’
শরিফুলের মৃত্যুতে স্থানীয়রাও গভীর শোক জানিয়েছেন। বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির বলেন, খবর পাওয়ার পর তিনি শরিফুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন।
তিনি বলেন, বিষয়টি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীকে জানানো হয়েছে। নিহত শরিফুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান জাহাঙ্গীর কবির।
পরিবারের সদস্যদের এখন একটাই আকুতি—যে ছেলে কোরবানির ঈদে পরিবারের কাছে ফেরার স্বপ্ন দেখেছিলেন, অন্তত তাঁর মরদেহটি যেন দ্রুত দেশের মাটিতে ফিরে আসে। শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখে যেন বিদায় জানাতে পারেন স্বজনেরা।