খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসেক তালাবদ্ধ, ত্রুটি-বিচ্যুতি নিয়েও প্রশ্ন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসেক তালাবদ্ধ, ত্রুটি-বিচ্যুতি নিয়েও প্রশ্ন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংকটাপন্ন রোগীদের দ্রুত ও আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২০ শয্যার ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি (One Stop Emergency and Casualty-OSEC) ইউনিট। অবকাঠামো নির্মাণ শেষ হলেও এখনো চালু হয়নি চিকিৎসাসেবা। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউনিটটি পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়।

বাংলাদেশের বড় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গুলোর জরুরি বিভাগকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে একই ছাদের নিচে নিয়ে আসার সরকারি উদ্যোগের অংশ হিসেবে ওসেক নির্মাণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এতে ৬ শয্যার এইচডিইউ, ৪ শয্যার আইসিইউ, ১০টি জেনারেল বেড ও একটি মিনি অপারেশন থিয়েটার থাকার কথা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পূর্বের জরুরি বিভাগের অংশে নির্মিত ওসেক ইউনিটটি তালাবদ্ধ। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেন্ট্রাল এসিসহ বিভিন্ন অবকাঠামো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের শেষ দিকে ওসেক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়।

২০২৪ সালের মার্চে শুরু হয় নির্মাণ কাজ। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেনডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের আওতায় সিভিল ও ইলেকট্রিক্যাল কাজে ব্যয় হয় ১ কোটি ৯১ লাখ ১৫ হাজার ১৬৬ টাকা এবং গ্যাস পাইপলাইন স্থাপনে ৬৮ লাখ ৯১ হাজার ৫০২ টাকা। মোট ব্যয় ২ কোটি ৬০ লাখ ৬ হাজার ৬৬৮ টাকা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান দিলীপ কুমার কুন্ড বলেন, ওসেক চালু হলে ইনডোরে রোগী ভর্তির চাপ কমবে এবং সংকটাপন্ন রোগীরা দ্রুত উন্নত চিকিৎসা পাবেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল না থাকায় এটি চালু করা যাচ্ছে না বলেও জানান তিনি।

গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম রাজিব এই প্রতিবেদককে বলেন, রুমসহ নির্মাণ কাজ সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসা যন্ত্রপাতি ও জনবল নিশ্চিত করা স্বাস্থ্য অধিদফতরের দায়িত্ব।

তবে নির্মাণ কাজ নিয়ে রয়েছে প্রশ্ন। হাসপাতালের পরিচালকের কার্যালয়ের ৩১ মার্চ ২০২৬ তারিখের এক চিঠিতে বলা হয়েছে, হাসপাতালের পরিদর্শন কমিটি ওসেকসহ ৫ শয্যার অবস আইসিইউ ও ৫ শয্যার পেডিয়াট্রিকস আইসিইউ পরিদর্শন করে দরপত্রের কাজের বিবরণের সঙ্গে বাস্তব কাজের অসামঞ্জস্য এবং বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি পেয়েছে। চিঠিতে দ্রুত এসব ত্রুটি সংশোধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, পরিদর্শন কমিটি কী কী ত্রুটি পেয়েছিল, সেগুলো কতটা সংশোধন হয়েছে এবং দরপত্র অনুযায়ী সব কাজ যথাযথ ভাবে সম্পন্ন হয়েছে কি না। একই সঙ্গে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিশ্চিত না করার কারণ নিয়েও প্রশ্ন রয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম গনমাধ্যমকে বলেন, একটি প্রকল্পের আওতায় ওসেকের কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি কিছু করার সুযোগ নেই। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখ অংশের জরুরি বিভাগকে ওসেক ইউনিটে রূপ দেওয়ার জন্য জরুরি বিভাগটি হাসপাতালের উত্তর-পূর্ব পাশে স্থানান্তর করা হয়েছে। কিন্তু সেখানে যাওয়ার সড়কটি সলিং করা ইটের হওয়ায় সংকটাপন্ন রোগীকে দ্রুত জরুরি বিভাগে নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগ ও সময়ক্ষেপণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সড়কটির সীমিত সক্ষমতার কারণে জরুরি রোগী পরিবহন ও অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থাও আগের তুলনায় অনেকটা সংকুচিত হয়েছে। ফলে একদিকে ওসেক এখনো চালু হয়নি, অন্যদিকে জরুরি বিভাগ স্থানান্তরের পর রোগী পরিবহনের সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই চিকিৎসা অবকাঠামো দ্রুত চালু করে রোগীর কাজে লাগানো এবং জরুরি বিভাগে যাতায়াতের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এখন সংশ্লিষ্টদের প্রত্যাশা।