
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর সেই চঞ্চল শিশুটি যখন ঘরে ফিরল, তখন তার ডান পা নেই। পেটের ডান পাশে ও পিঠে রয়ে গেছে অস্ত্রোপচারের দীর্ঘ দাগ। পরিবারের দাবি, তার একটি কিডনিও আর নেই। ঢাকার একটি ভয়ংকর অপরাধ চক্রের হাত থেকে কোনোমতে পঙ্গু অবস্থায় ফিরে আসা এই শিশুর শরীরে এখন শুধুই নির্যাতনের ক্ষতচিহ্ন।
পরিবারের অভিযোগ, চক্রটি রায়হানকে পঙ্গু বানিয়ে ভিক্ষা বৃত্তিতে বাধ্য করার পাশাপাশি তার অঙ্গপ্রত্যঙ্গও কেটে বিক্রি করেছে। তবে কিডনি অপসারণ ও অঙ্গ বিক্রির অভিযোগের সত্যতা চিকিৎসা নথি ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নোয়াপাড়া এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক নাজিম উদ্দীনের ছেলে রায়হান। সাত মাস আগে বাড়ি থেকে বের হওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে ঐতিহ্যবাহী চুনতি সীরাত মাহফিল এলাকায় এক পায়ে ভর দিয়ে ভিক্ষা করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে চিনে ফেলেন। পরে খবর পেয়ে বাবা দ্রুত ছুটে এসে ছেলেকে উদ্ধার করেন।
রায়হানের বর্ণনায় ভয়াবহ অভিজ্ঞতা :
ঘটনার বিবরণ দিয়ে শিশু রায়হান বলে, “আমি চুল কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যাই। সেখানে কিছু ছেলের সঙ্গে পরিচয় হলে তাদের সঙ্গে ট্রেনের ছাদে চড়ে কমলাপুর রেলস্টেশনে যাই। সেখান থেকে কিছু লোক আমাকে চারপাশে বাগান আর মাঝখানে একটা ঘর, এমন একটি জায়গায় নিয়ে যায়। সেখানে আমার মতো আরও অনেক ছেলে-মেয়ে ছিল।”
রায়হান বলে, “একদিন রাতে সেখানে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার একটা পা নেই। কারণ জানতে চাইলে তারা বলে, আমি নাকি ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছি।”
তার ভাষ্য, প্রতিদিন তাকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করানো হতো এবং ভিক্ষার টাকা একটি প্লাস্টিকের ব্যাংকে জমা রাখা হতো।
রায়হান আরও বলে, “আমাদের সঙ্গে দুই জন পুরুষ ও সালমা নামের এক মহিলা ছিল। সেখানে অনেকেরই হাত-পা কাটা ছিল। একপর্যায়ে তারা আমাকে বাসে তুলে দিলে আমি চুনতি মাহফিলে চলে আসি।”
রায়হানের বক্তব্য অনুযায়ী, তাকে কোথায় রাখা হয়েছিল এবং কারা তাকে নিয়ন্ত্রণ করত, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রয়োজন। তার শরীরে অস্ত্রোপচারের দাগ এবং একটি পা না থাকার বিষয়টি তার বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
‘১০০ টাকা দিয়ে চুল কাটতে পাঠিয়েছিলাম’
রায়হানের বাবা সিএনজিচালিত অটোরিকশাচালক নাজিম উদ্দিন বলেন, “রায়হান হেফজখানায় পড়ত। একটু দুষ্টামি করত বলে পানের ক্ষেতে কাজে নিয়ে যেতাম। ১০০ টাকা দিয়ে চুল কাটতে পাঠালে সে কক্সবাজার চলে যায় এবং পরে কমলাপুরে নিয়ে গিয়ে তার এক পা কেটে ভিক্ষায় নামানো হয়।”
তিনি বলেন, “মাহফিলে এক লোক তাকে দেখে খবর দিলে, সেখানে গিয়ে ছেলেকে দেখে দুজনে জড়িয়ে ধরে কেঁদে ফেলি।”
নাজিম উদ্দিন জানান, অভাবের কারণে ছেলে নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেননি।
থানায় আইনি সহযোগিতা না পাওয়ার অভিযোগ
সন্তানের এই করুণ দশা নিয়ে লোহাগাড়া থানায় গেলে আইনি সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন নাজিম উদ্দিন।
তিনি বলেন, “আমি ১০০ টাকা দিয়ে ছেলেকে চুল কাটতে পাঠিয়েছিলাম। ওর বরাতে যা জানলাম, ও যখন ফিরে আসে তখনই থানায় অভিযোগ করতে গেলে তারা কোনো অভিযোগ নেয়নি। উল্টো বলে, ঘটনাটি কমলাপুরের, সেখানের সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে হবে।”
তিনি বলেন, “আমি গরিব মানুষ, দিনে এনে দিনে খাই। ঢাকায় গিয়ে অভিযোগ করার সেই সামর্থ্য তো আমার নেই।”
‘কোন পাষাণরা আমার নিষ্পাপ বাচ্চাটার এই হাল করল’।
রায়হানের সৎমা ফয়জুন্নেসা বলেন, “আমার ছেলেটা চুল কাটতে গিয়ে সাতটা মাস আর বাড়ি ফিরল না। এখন ছেলেটারে ফেরত পাইলাম, কিন্তু দেখি তার একটা পা-ই নেই। পেটেও বড় কাটার দাগ। কোন পাষাণরা আমার নিষ্পাপ বাচ্চাটার এই হাল করল ?”
তিনি বলেন, “আমরা গরিব মানুষ, অটোরিকশা চালিয়ে সংসার চলে। এখন ছেলেটার জীবনটা কে ফেরত দেবে ? আমি সরকারের কাছে এই নিষ্ঠুরতার কঠিন বিচার চাই।”
সীরাত মাহফিলে রায়হানকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দা নুরুন্নবী বলেন, “রাত ১২টার পর সীরাত মাহফিলের ভিড়ের মধ্যে এক পায়ে ভর দিয়ে একটি ছোট ছেলেকে ভিক্ষা করতে দেখি। মুখটা চেনা চেনা লাগায় কাছে গিয়ে নাম জিজ্ঞেস করতেই সে কাঁদতে কাঁদতে বলে, ‘আমি নাজিম মিয়ার ছেলে রায়হান।’”
তিনি বলেন, “আমরা সবাই চমকে উঠি। সাত মাস আগে নিখোঁজ হওয়া সুস্থ-সবল রায়হানের এই পঙ্গু অবস্থা দেখে মাহফিলের মানুষ চোখের পানি ধরে রাখতে পারেনি। আমরা সঙ্গে সঙ্গেই তার বাবাকে ফোন করে খবর দিই।”
থানায় আইনি সহায়তা না দেওয়ার বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, শিশুটি সাত মাস আগে বাড়ি থেকে বের হয়ে গেলেও তার পরিবার থানায় কোনো অভিযোগ কিংবা জিডি করেনি।
পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, “তার পরিবার জানিয়েছে, সে নাকি কক্সবাজারে এক মাস ছিল, এরপর সেখান থেকে কমলাপুর নেওয়া হয়েছিল। তাই আমরা তাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছি।”
কমলাপুর রেলস্টেশনে ধারণ করা হয়েছিল রায়হানের ভিডিও :
এদিকে, রায়হান নিখোঁজ থাকার সময়ে কমলাপুর রেলস্টেশনে এক কনটেন্ট ক্রিয়েটর তার একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
ওই ভিডিওতে রায়হানকে বলতে দেখা যায়, জায়গা-সংক্রান্ত মামলায় তার বাবা কারাগারে এবং সৎমা মারধর করায় সে ট্রেনের ছাদে চড়ে ঢাকায় চলে এসেছে।
তবে স্বজনরা বলছেন, ভয়ে কিংবা কারও শেখানো কথায় শিশুটি ভিডিওতে এমন মন্তব্য করে থাকতে পারে।
রায়হানের ফিরে আসার ঘটনায় একাধিক গুরুতর প্রশ্ন সামনে এসেছে। বাড়ি থেকে বের হওয়ার পর সে কীভাবে কক্সবাজার গেল ? সেখানে কারা তার সঙ্গে পরিচিত হয়েছিল? কারা তাকে ট্রেনে করে কমলাপুরে নিয়ে গেল ? কমলাপুর থেকে তাকে কোথায় নেওয়া হয়েছিল ? সেখানে থাকা অন্য শিশুদের কী হয়েছিল ? রায়হানের পা কীভাবে কাটা হলো ? তার পেট ও পিঠে অস্ত্রোপচার কেন করা হয়েছিল? এবং পরিবারের দাবি অনুযায়ী, তার একটি কিডনি বা অন্য কোনো অঙ্গ অপসারণ করা হয়ে থাকলে সেটি কোথায়, কখন এবং কারা করেছে ?
এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
বিশেষ করে রায়হানের চিকিৎসা নথি, অস্ত্রোপচারের তথ্য, মেডিকেল পরীক্ষার রিপোর্ট, কমলাপুর রেলস্টেশন ও সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও এবং তার বক্তব্যে উল্লেখ করা ব্যক্তিদের বিষয়ে তদন্ত করা জরুরি।
পরিবারের পক্ষ থেকে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ অপসারণের যে গুরুতর অভিযোগ ও সন্দেহ করা হচ্ছে, সেটিও চিকিৎসা ও ফরেনসিক তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে রায়হান যে স্থানে আটকে থাকার কথা বলেছে, সেই জায়গা শনাক্ত করা গেলে সেখানে আরও শিশু নিখোঁজ বা নির্যাতনের শিকার হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা দরকার।
একটি সুস্থ-সবল ১২ বছরের শিশু মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল। সাত মাস পর সে ফিরে এসেছে একটি পা হারিয়ে, শরীরে অস্ত্রোপচারের দাগ নিয়ে এবং পরিবারের দাবি অনুযায়ী একটি কিডনিও হারিয়ে। ঘটনাটি সত্য হলে এটি কেবল একটি শিশুর ওপর সংঘটিত ভয়াবহ নির্যাতন নয়, বরং শিশু পাচার, জোরপূর্বক ভিক্ষাবৃত্তি এবং সংঘবদ্ধ অপরাধের একটি ভয়াবহ চিত্র।
রায়হানের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি এই ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকলে তাদের শনাক্ত করা এবং সম্ভাব্য অন্যান্য ভুক্তভোগী শিশুকেও উদ্ধারের উদ্যোগ নেওয়া জরুরি।
একটি শিশুর হারিয়ে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়। তার ফিরে আসার পর শরীরে থাকা প্রতিটি ক্ষতচিহ্ন একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেই প্রশ্নের উত্তর রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই খুঁজে বের করতে হবে।
” লেখক : মো: আল মাসুম খান,
প্রধান নির্বাহী কর্মকর্তা,
গ্লোবাল চাইল্ড রিকভারি নেটওয়ার্ক (GCRN)।”