
আবিদুর রহমান নাহিয়ান :

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ সদর উপজেলার পুকুর ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর আমিষের জোগান নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, বর্তমান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড : তৌফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন, দেশের নদী-নালা, খাল-বিল, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত ও সংরক্ষণ করা হলে মৎস্য উৎপাদন আরও বাড়বে। একই সঙ্গে মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।