মাদারীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ ও সচেতনতায় মতবিনিময় সভা।

এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

মাদারীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ ও সচেতনতায় মতবিনিময় সভা।
প্রান্তিক জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মাদারীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু।

সভায় স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও মামলা দ্রুত, সহজে এবং স্বল্প খরচে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে প্রান্তিক জনগোষ্ঠী নিজ এলাকার মধ্যেই সহজে, দ্রুত ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে, অন্যদিকে নিয়মিত আদালতগুলোতে ছোটখাটো বিরোধজনিত মামলার চাপও কমবে।

তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে মানুষের মধ্যে এখনও অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ধারণার অভাব রয়েছে। তাই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

মতবিনিময় সভায় ডিআরটি সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি এবং উপজেলা কো-অর্ডিনেটরসহ প্রায় ৩৫ জন অংশীজন উপস্থিত ছিলেন।