কোটালীপাড়ায় পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা ওয়ালিউরের।

এইচ এম আওলাদ, কোটালিপাড়া, গোপালগঞ্জ :

কোটালীপাড়ায় পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা ওয়ালিউরের।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার। এ লক্ষ্যে তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময় ও ভোটারদের কাছে সমর্থন প্রত্যাশা করেছেন।

সম্প্রতি ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় ওয়ালিউর রহমান হাওলাদার বলেন, ‘আপনারা বিগত দিনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কমিশনার পদে চারবার বিজয়ী করেছেন। আপনারাই আমাকে পৌরসভার একটি চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন। এর মাধ্যমে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। এ জন্য আমি আপনাদের কাছে ঋণী এবং চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমি পৌর মেয়র পদে অংশগ্রহণ করতে চাই। এ জন্য আপনাদের অনুমতি ও সমর্থন প্রত্যাশা করছি। আপনারা যদি আমাকে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি আপনাদের কল্যাণে কাজ করতে চাই।’

এ সময় উপস্থিত ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ওয়ালিউর রহমান হাওলাদারের প্রতি সমর্থন জানান।

মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা যুবদল নেতা মিরাজ সরদার বলেন, ‘৬ নম্বর ওয়ার্ডের যারা আজ এখানে সমবেত হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিগত দিনে আমরা যাকে বিপদ-আপদে কাছে পেয়েছি, তিনি হলেন ওয়ালিউর রহমান হাওলাদার। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাকে পৌর মেয়র হিসেবে দেখতে চাই।’

কোটালীপাড়া উপজেলা বিএনপির অন্যতম নেতা কাজী অমিত মাহমুদ বলেন, ‘কোটালীপাড়াবাসী আমাদের প্রাণপ্রিয় নেতা এস এম জিলানী ভাইকে মহামূল্যবান ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। একইভাবে আমি আপনাদের কাছে দাবি করছি, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ওয়ালিউর রহমান হাওলাদারকে পৌর মেয়র পদে নির্বাচিত করে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ করে দিন।

কোটালীপাড়ায় পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা ওয়ালিউরের।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার সরদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদল খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।