
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনটি গতকাল রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের পৃথক স্থানীয় এখতিয়ার ও সীমানা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা এলাকার জন্য একটি এবং ঢাকা মহানগরের আওতাধীন থানা গুলোর জন্য চারটি পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ঢাকা মহানগর-১-এর অধীনে পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরে বাংলা নগর, রমনা ও শাহবাগ থানা রয়েছে।ঢাকা মহানগর-২-এর অধীনে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানা রয়েছে। ঢাকা মহানগর-৩-এর আওতাধীন মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানা। ঢাকা মহানগর-৪-এর আওতাধীন উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটারা, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানা।
এ ছাড়া নারায়ণগঞ্জের জন্য দুটি ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-২, চট্টগ্রাম জেলার জন্য একটি এবং চট্টগ্রাম মহানগরের জন্য তিনটি, চট্টগ্রাম মহানগর-১, ২ ও ৩ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
মাদক প্রবণ সীমান্ত এলাকা কক্সবাজারের জন্য তিনটি ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার-১-এর অধীনে টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী থানা; কক্সবাজার-২-এর আওতায় উখিয়া, সদর ও ঈদগাঁও থানা এবং কক্সবাজার-৩-এর অধীনে রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী থানা রাখা হয়েছে।
এ ছাড়া কুমিল্লার জন্য দুটি, কুমিল্লা-১ ও কুমিল্লা-২ এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোর জেলার জন্য একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন ন্যূনতম পাঁচ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলা গুলো বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনাল গুলোতে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তর করা হবে। কোনো মামলা যে পর্যায়ে স্থানান্তর করা হবে, ঠিক সেই পর্যায় থেকেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বিচারকার্য পরিচালিত হবে।
সরকারের এই উদ্যোগের ফলে মাদকসংক্রান্ত গুরুতর অপরাধের মামলা গুলোর বিচারপ্রক্রিয়ায় গতি আসবে এবং দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।