
এস এম তাজ আশরাফী :

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।
ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র্যালিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মহানগরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যরা গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।
এ ছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা এবং তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি)। স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। বিশেষ করে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র্যালিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট থানা ও ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
র্যালির নিরাপত্তায় সংশ্লিষ্ট থানার মোবাইল টিম র্যালির সামনে ও পেছনে অবস্থান করবে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনাও নেওয়া হয়েছে।
ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা নিজ নিজ অধিক্ষেত্রে সরেজমিনে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
ডিএমপি জানিয়েছে, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল এবং ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরবাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।