
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা বিভাগের সমন্বিত ইপিআই, এইচপিভি, ওপেন এসআরপি এবং স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) খুলনার হোটেল সিটি ইনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, জরায়ুমুখ ক্যান্সার রোধে কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হচ্ছে।
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ইপিআই কার্যক্রমের আওতায় এইচপিভি টিকার শতভাগ কাভারেজ নিশ্চিত করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে ১০ বছর বয়সী সব কিশোরীকে এইচপিভি টিকার আওতায় আনতে হবে।
তিনি বলেন, দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা একটি বড় মাইলফলক। এই টিকা দেওয়ার মাধ্যমে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। এইচপিভি টিকা সম্পর্কে গণমাধ্যমে প্রচার-প্রচারণা আরও বাড়াতে হবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের সব মসজিদের ইমামরা এ বিষয়ে মুসল্লিদের অবহিত করতে পারেন।
স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি সুস্থ জাতি উপহার দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ ও ইউনিসেফের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ।
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মো. মোজাম্মেল হক, এমআইএসের পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন, ইউনিসেফ খুলনার চিফ মো. কাওসার হোসেন, ইপিআইয়ের সহকারী পরিচালক ডা. সাব্বির হায়দার এবং খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস।
কর্মশালায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন।
এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ১০ জেলার সিভিল সার্জন, চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইপিআই সুপার, ১০ জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, শিক্ষক-শিক্ষার্থী এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন।