
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকারী চক্র। বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে দেশ ছাড়ার প্রবণতা শুধু অভিবাসন প্রত্যাশীদের জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলছে না, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির জন্যও তৈরি করছে নতুন ঝুঁকি। আর এই অপরাধী চক্রের তৎপরতায় যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। ভুয়া নথির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মিথ্যা তথ্য তৈরির ঘটনাও সামনে এসেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, দেশত্যাগে আগ্রহী অভিবাসীদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা রয়েছে। অনেকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবৈধ পথ বেছে নিচ্ছেন। বিশ্বের অন্যতম বৃহৎ অভিবাসী প্রেরণকারী দেশ হিসেবে এ প্রবণতা বাংলাদেশের ভাবমূর্তির জন্য ঝুঁকি তৈরি করছে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীতে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ আয়োজিত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক গণমাধ্যম কর্মীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় আয়োজিত এ কর্মশালায় জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ গন্তব্য দেশগুলোর সঙ্গে কাজ করছে। একই সঙ্গে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের মতো আন্তঃদেশীয় ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম ও সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানব পাচার ও অভিবাসী চোরাচালান এখন আর কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা।
মানব পাচার ও অবৈধ অভিবাসনের প্রচলিত কৌশলের সঙ্গে এখন যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। কর্মশালায় ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু নোমান জানান, অপরাধী চক্রগুলো বিদ্যমান ব্যবস্থার সুযোগ নিয়ে মানুষকে চোরাচালানের মাধ্যমে বিদেশে পাঠাচ্ছে।
তিনি বলেন, ভিসা সংগ্রহের জন্য জাল নথি তৈরির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মিথ্যা তথ্য তৈরির ঘটনাও ঘটছে। ফলে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, বিদেশ যাওয়ার স্বপ্নকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ভাবে অভিবাসন প্রত্যাশীদের প্রলুব্ধ করে। বৈধ ভিসা ও কর্মসংস্থানের সুযোগের কথা বলে অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়। পরে তাদের অবৈধ বা ঝুঁকিপূর্ণ পথে পাঠানোর চেষ্টা করা হয়। জাল কাগজপত্র ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে পুরো প্রক্রিয়াটিকে বৈধ হিসেবে উপস্থাপনের চেষ্টাও করে থাকে চক্রগুলো।
এ ধরনের অপরাধের সবচেয়ে বড় শিকার হচ্ছেন বিদেশগামী সাধারণ মানুষ। অনেকে সর্বস্ব বিক্রি করে কিংবা ঋণ নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। পরে পাচারকারী চক্রের হাতে আটকা পড়ে অর্থনৈতিক ভাবে নিঃস্ব হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে পড়েন।মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করাই যথেষ্ট নয়। বিদেশ যেতে আগ্রহীদের বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি দালাল ও সংঘবদ্ধ চক্রের প্রচারণা সম্পর্কে সচেতন করা জরুরি।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত ভুয়া তথ্য, জাল কাগজ পত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্তে বাড়াতে হবে নজরদারি।
সংশ্লিষ্টদের মতে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বিদেশগামীদেরও যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত না নিয়ে বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।