ভুয়া বিয়ের ফাঁদে চীনে বাংলাদেশি নারী পাচার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ভুয়া বিয়ের ফাঁদে চীনে বাংলাদেশি নারী পাচার।

বাংলাদেশ থেকে চীনে পারিবারিক (কিউ-১) ভিসায় যাওয়া নারীর সংখ্যা গত কয়েক বছরে অস্বাভাবিক ভাবে বেড়েছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ৪ হাজার ২২৬ বাংলাদেশি নারী এই ভিসায় চীনে গেছেন। ২০২২ সালে যেখানে মাত্র ৩৫ নারী কিউ-১ ভিসায় চীন গিয়েছিলেন, সেখানে ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২১ জনে।এই পরিসংখ্যান সামনে এসেছে এমন এক সময়ে, যখন ভুয়া বিয়ের মাধ্যমে বাংলাদেশি নারীদের চীনে পাচারের একাধিক অভিযোগ ও ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মানব পাচার প্রতিরোধে কাজ করা বেসরকারি সংস্থা গ্লোবাল চাইল্ড রিকভারি নেটওয়ার্ক (GCRN)-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় বছরে চীনে পারিবারিক ভিসায় বাংলাদেশি নারীদের যাওয়ার প্রবণতায় ব্যাপক পরিবর্তন দেখা গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালে ৬৯ নারী কিউ-১ ভিসায় বাংলাদেশ থেকে চীনে যান। ২০২১ সালে এই সংখ্যা কমে দাঁড়ায় ৭ জনে। ২০২২ সালে যান ৩৫ জন। এরপরই শুরু হয় দ্রুত উত্থান। ২০২৩ সালে ১ হাজার ১৬ জন, ২০২৪ সালে ১ হাজার ৩৭৮ জন এবং ২০২৫ সালে ১ হাজার ৭২১ নারী এই ভিসায় চীন যান।
অর্থাৎ, মাত্র তিন বছরের ব্যবধানে সংখ্যাটি কয়েক গুণ বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, নারী ও শিশু পাচারকারী চক্রগুলো এখন বৈধ অভিবাসন ও পারিবারিক ভিসা ব্যবস্থার সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। বিশেষ করে প্রান্তিক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনা নাগরিকদের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।চাকরি, উন্নত জীবন, আর্থিক নিরাপত্তা কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার কথা বলে নারীদের টার্গেট করা হয়। এরপর কথিত বিয়ের মাধ্যমে তাদের চীনে পাঠানোর ব্যবস্থা করা হয়। অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বিয়েটিই ছিল পাচারের পূর্বপরিকল্পিত একটি ধাপ।

পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর নারীসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নারীরাও রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগের পর অভিযোগ
২০২৪ সালে রাঙ্গামাটির এক চাকমা নারী অভিযোগ করেন, তার ২১ বছর বয়সী বোনকে ঢাকায় এনে জোরপূর্বক এক চীনা নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির ২১ বছর বয়সী এক মারমা নারীও পৃথক অভিযোগে জানান, তাকে এক চীনা নাগরিককে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল।
এ বছরের আগস্টে বাগেরহাটের ১৯ বছর বয়সী এক নারী আরও ভয়াবহ অভিযোগ করেন। তার দাবি, তাকে চেতনানাশক খাওয়ানোর পর আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে এক চীনা নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। একপর্যায়ে তাকে চীনে পাচার করা হলে সেখানে তিনি শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের শিকার হন।
গত ৪ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে আসেন।

বাংলাদেশে অবৈধ ‘ম্যারেজ ব্রোকার’ বা ঘটকালি চক্রের তৎপরতা নিয়ে চীনা দূতাবাসও উদ্বেগ প্রকাশ করেছে।
গত ১৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীনা দূতাবাস চীনা নাগরিকদের সতর্ক করে জানায়, অবৈধ ভাবে ‘কনে কেনার’ এ ধরনের আয়োজন মানব পাচার, চাঁদাবাজি, হুমকি, শারীরিক ক্ষতি ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে।এর আগে বাংলাদেশে চীনা দূতাবাসের কাউন্সেলর চু গুয়াং জানান, পারিবারিক ভিসার আবেদন কয়েক ধাপে যাচাই করা হয়। এর মধ্যে বিবাহ সনদের সত্যতা যাচাই, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং লিখিত অঙ্গীকারনামা নেওয়ার মতো প্রক্রিয়াও রয়েছে। এর উদ্দেশ্য হলো বিয়েটি প্রকৃত কি না এবং নারীটি স্বেচ্ছায় চীনে যাচ্ছেন কি না, তা নিশ্চিত করা।

বিদেশি নাগরিকদের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের বিয়ের ক্ষেত্রে যাচাই-বাছাই আরও কঠোর করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত SOP বর্তমানে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনায় রয়েছে।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তাদের মতে, নতুন প্রক্রিয়ায় বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র জমা এবং সেগুলোর কঠোর যাচাই-বাছাইয়ের বিধান থাকবে।খসড়া প্রস্তাব অনুযায়ী, বিয়ের সময় বিদেশি নাগরিককে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করতে হবে। অন-অ্যারাইভাল ভিসা গ্রহণযোগ্য হবে না।বিয়ের আগে বিদেশি নাগরিককে নিজ দেশের স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অবিবাহিত সনদ সংগ্রহ করে তা বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাস বা হাইকমিশন থেকে সত্যায়িত করে জমা দিতে হবে।বিয়েটিও অবশ্যই অনুমোদিত কাজী বা রেজিস্ট্রি কর্মকর্তার মাধ্যমে নিবন্ধিত হতে হবে। পার্বত্য তিন জেলার ক্ষেত্রে স্থানীয় জেলা পরিষদের বিধি অনুযায়ী বিয়ে নিবন্ধনের কথা বলা হয়েছে।প্রস্তাবিত প্রক্রিয়ায় নিবন্ধনের পর বিবাহ সনদ প্রথমে নোটারি পাবলিক এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার বিধান রাখার কথা বলা হয়েছে।খসড়ায় মুসলিম পারিবারিক আইনের বিধানও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মুসলিম নারী কেবল মুসলিম পুরুষকে বিয়ে করতে পারবেন। অন্যদিকে মুসলিম পুরুষ মুসলিম, খ্রিস্টান বা ইহুদি নারীকে বিয়ে করতে পারবেন।এতে আরও বলা হয়েছে, ১৮৭২ সালের বিশেষ বিবাহ আইন মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ভিসা ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ
আজকের এক কর্মশালায় ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু নোমান গণমাধ্যমকে বলেন, অপরাধী চক্রগুলো ভিসা পাওয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে বিদ্যমান প্রক্রিয়ার অপব্যবহার করছে।

তিনি জানান, সম্ভাব্য ভুক্তভোগীদের সুরক্ষা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বাংলাদেশ ইমিগ্রেশন ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এ ধরনের মানব পাচার আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধের অংশ। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নারী, শিশু পাচার প্রতিরোধে বাংলাদেশে পরিচালিত বেসরকারি সংস্থা গ্লোবাল চাইল্ড রিকভারি নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, চলতি বছর পাস হওয়া মানব পাচার আইনে আন্তর্জাতিক প্রটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন প্রক্রিয়ায় মানব পাচারের বিষয়টিকে পৃথক অধ্যায় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই সঙ্গে মানব পাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং তদন্তকারী কর্মকর্তাদের ক্ষমতাও বাড়ানো হয়েছে বলে তিনি আরও জানান।তার ভাষ্য অনুযায়ী, আগে পাচারসংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত ধর্ষণ ও হত্যার মতো অপরাধ অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের এখতিয়ারের বাইরে থাকত। নতুন ব্যবস্থায় এসব অপরাধকে আনুষঙ্গিক অপরাধ হিসেবে বিবেচনা করে একই ট্রাইব্যুনালে বিচার করার সুযোগ তৈরি হয়েছে।

সংখ্যার আড়ালে যে প্রশ্ন
২০২০ সালে মাত্র ৬৯ জন থেকে ২০২৫ সালে ১ হাজার ৭২১ জনে পৌঁছানো কিউ-১ ভিসায় বাংলাদেশি নারীদের চীনযাত্রার পরিসংখ্যান নিজেই বড় একটি প্রশ্ন তৈরি করছে।

এই নারীদের সবাই যে পাচারের শিকার, এমন কোনো তথ্য নেই। বৈধ বিয়ে ও পারিবারিক সম্পর্কের কারণে অনেক নারী স্বাভাবিক ভাবেই এই ভিসায় চীনে যেতে পারেন। কিন্তু একই সময়ে ভুয়া বিয়ে, জোরপূর্বক বিয়ে, প্রতারণা, ব্ল্যাকমেইল এবং পাচারের একাধিক অভিযোগ সামনে আসায় বিপুল সংখ্যক নারী চীনে যাওয়ার এই প্রবণতাকে নতুন করে যাচাই করার প্রয়োজন দেখা দিয়েছে।
প্রশ্ন উঠছে, কিউ-১ ভিসার মাধ্যমে চীনে যাওয়া প্রতিটি বিয়ের কতটা প্রকৃত, কতটা যাচাই করা হচ্ছে এবং এর আড়ালে কোনো সংঘবদ্ধ পাচার চক্র সক্রিয় রয়েছে কি না।

আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বৈধ আন্তর্জাতিক বিবাহ ও পারিবারিক অভিবাসনের অধিকার অক্ষুণ্ন রেখে ভুয়া বিয়েকে মানব পাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা চক্রকে শনাক্ত করা।কারণ, একটি বিয়ের কাগজ বৈধ হলেই যে তার আড়ালের সম্পর্ক, সম্মতি ও উদ্দেশ্য বৈধ, তা নিশ্চিত করে না। আর সেই ফাঁকটিই যদি পাচারকারীরা কাজে লাগিয়ে থাকে, তাহলে কিউ-১ ভিসায় নারীদের ক্রমবর্ধমান চীনযাত্রা কেবল অভিবাসনের পরিসংখ্যান নয়, বরং সম্ভাব্য মানব পাচারের একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেতও হতে পারে।