
মো. মিঠুন হাসান জাকারিয়া, গোবিপ্রবি প্রতিবেদক :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১০ তলা একাডেমিক ভবনের তিনটি লিফটের একটি দীর্ঘদিন ধরে অচল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একটি লিফট ছয়তলা পর্যন্ত এবং অপর দুটি ১০ তলা পর্যন্ত চলাচল করে। এর মধ্যে একটি লিফট নষ্ট থাকায় বর্তমানে বিপুলসংখ্যক ব্যবহারকারীকে কার্যত একটি সচল লিফটের ওপর নির্ভর করতে হচ্ছে।
ফলে লিফটের সামনে দীর্ঘ অপেক্ষার পাশাপাশি সময়মতো ক্লাস ও পরীক্ষায় পৌঁছাতে না পারা এবং বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে একাধিক তলা ওঠানামার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিশেষ করে ৮ম, ৯ম ও ১০ম তলায় থাকা বিভাগগুলোর শিক্ষার্থীদের ভোগান্তি বেশি হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ১০ তলা একাডেমিক ভবনে ৩০টি বিভাগের শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও বিভাগীয় কার্যালয় রয়েছে। এসব বিভাগে প্রায় আট হাজার শিক্ষার্থী এবং কয়েক শ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিয়মিত যাতায়াত রয়েছে। বিপুলসংখ্যক মানুষের তুলনায় লিফটগুলোর ধারণক্ষমতা সীমিত হওয়ায় একটি লিফট অচল হয়ে পড়ায় সচল লিফটটির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, সকাল ৯টা থেকে অধিকাংশ বিভাগের ক্লাস ও পরীক্ষা শুরু হয়। এ সময় একাডেমিক ভবনের লিফটের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। ৮ম থেকে ১০ম তলায় যেতে অনেক সময় ১৫ থেকে ২০ মিনিট, কখনো তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। ফলে নির্ধারিত সময়ে ক্লাস কিংবা পরীক্ষার হলে পৌঁছানো নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
পরীক্ষা চলমান থাকা বিভাগগুলোর শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি। শিক্ষার্থীদের অভিযোগ, লিফটে ওঠার পর কোনো শিক্ষক এলে অনেক সময় জায়গা ছেড়ে দিতে হয়। পরে বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে একাধিক তলা উঠে পরীক্ষার হলে যেতে হয়। এতে পরীক্ষার আগে শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক চাপও তৈরি হচ্ছে।
এক শিক্ষার্থী বলেন, “সকাল ৯টার ক্লাস বা পরীক্ষা থাকলে অনেক আগে থেকেই লিফটের সামনে অপেক্ষা করতে হয়। একটি লিফট নষ্ট থাকায় চাপ আরও বেড়েছে। শেষ পর্যন্ত লিফট না পেলে ৮ থেকে ১০ তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয়। দ্রুত লিফটটি সচল করা প্রয়োজন।”
শুধু শিক্ষার্থীরাই নয়, লিফট অচল থাকায় বয়স্ক শিক্ষক-কর্মকর্তা, শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি এবং ভারী জিনিসপত্র বহনকারী কর্মকর্তা-কর্মচারীরাও সমস্যায় পড়ছেন। একই সঙ্গে সচল লিফটটিতে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় সেখানে দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি তৈরি হচ্ছে।
লিফট সংকটের পাশাপাশি বিদ্যমান লিফটগুলোর নিরাপত্তা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন সময়ে লিফটে আটকে পড়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাঁদের।
জানা গেছে, গত ২০ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থী লিফটে ওঠার পর সেটি মাঝপথে আটকে যায়। এতে লিফটের ভেতরে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কিছু সময় সেখানে আটকে থাকেন।
এর আগে গত ১৬ জুন এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে লিফটের কল বাটন নষ্ট হওয়ার একটি ছবি প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন। ওই পোস্টে তিনি লেখেন, “এতদিন পড়ে যেত লিফট, এখন পড়ে গেছে লিফটের কল বাটনই।”
লিফটের নিরাপত্তা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক নাজমুল হক শাহীন। ২০২৫ সালের ২৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিফটে দুবার আটকে পড়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং লিফট-সংক্রান্ত একটি ঘটনার তদন্ত দাবি করেন। ওই পোস্টে তিনি লিফটটিকে ‘মৃত্যুকফিন’ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
গোবিপ্রবির পাঁচতলা প্রশাসনিক ভবনেও কোনো লিফট নেই। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি এ ভবনে তিনটি বিভাগের শ্রেণিকক্ষ ও বিভাগীয় কার্যালয় রয়েছে। ফলে এসব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদেরও নিয়মিত সিঁড়ি ব্যবহার করতে হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী (বিদ্যুৎ) সরাফত আলী বলেন, “লিফটের ভেতরের একটি সুইচ কাজ করছে না। এটি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রাখা হয়েছে। লিফটটি সচল করতে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার অনুমোদনের জন্য উপাচার্য দপ্তরে কাগজ পাঠানো হয়েছে। জানা গেছে, উপাচার্য স্যার অনুমোদন দিয়েছেন। এখন প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে দ্রুত লিফটটি সচল করা হবে।”
শিক্ষার্থীরা বলছেন, অচল লিফটটি দ্রুত সচল করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে সব লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা পরীক্ষা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ১০ তলা একাডেমিক ভবনে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে লিফটের সংখ্যা ও ধারণক্ষমতা বাড়ানোর বিষয়টিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
তাঁদের মতে, একাডেমিক ভবনে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের কারণে লিফট কোনো বিলাসিতা নয়; বরং স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই লিফটের নিরাপত্তা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সচলতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘমেয়াদি ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।