
ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল খালেক (৬৩) ও তার স্ত্রী মরজিনা বেগমকে (৫২) গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের দাবি, তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ২০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এর আগে একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রাকিব রায়হান (২৯) ও ফয়সাল আহম্মেদ (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে এসআই আব্দুল মুত্তালিব, এসআই শাহাদাৎ হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।