গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনার জন্য প্রতীকী ছবিআবিদুর রহমান নাহিয়ান :

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৌলতলী এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয় পরবর্তীতে হাসপাতালে আরো ২ জন মারা যান। এ সময় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ও নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।