
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোসা. আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)। পুলিশ তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বেদগ্রাম মোড়ে চেকপোস্ট স্থাপন করে।
রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস সেখানে পৌঁছালে ডিবি পুলিশ তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা ওই চারজনকে সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ।