শিবচরে বাড়িতে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের ১১ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে।

এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

শিবচরে বাড়িতে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের ১১ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে।
মাদারীপুরের শিবচরে বাড়িতে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের ১১ সদস্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের মধ্যে কয়েকজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার (১৬ আগস্ট) চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে বাড়িতে রান্না শেষে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খেতে বসেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কেউ জ্ঞান হারিয়ে ঘরের মধ্যে পড়ে যান, আবার কেউ এতটাই দুর্বল হয়ে পড়েন যে নড়াচড়া কিংবা স্বাভাবিকভাবে কথা বলতেও পারছিলেন না।

ঘটনার সময় পরিবারের কর্তা নয়ন শেখ (৫৫) কাজের কারণে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ফোন করে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কারও সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নিতে বলেন।

বিকেল ৪টার দিকে এক প্রতিবেশী ওই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অসুস্থ ও অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে নয়ন শেখও ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন।

তবে রাতেও পরিবারের আরও কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরও হাসপাতালে নেওয়া হয়। এভাবে একই পরিবারের মোট ১১ সদস্য অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের মধ্যে রয়েছেন নয়ন শেখের মেয়ে মনিকা আক্তার (২৭), তার স্বামী শহিদুল শিকদার, সাগরিকা আক্তার (২৫), ইতি আক্তার (২০), সুমাইয়া আক্তার (২২), তার স্বামী আসাদ মোড়ল, নয়ন শেখের ছোট মেয়ে নুসরাত জাহান (১৪), নয়ন শেখ (৫৫) ও আমেনা বেগম (৫০)। পরিবারের আরও দুই সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অসুস্থ সাগরিকা আক্তার জানান, সকালে রান্না করে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেতে বসেছিলেন। খাবার খাওয়ার একপর্যায়ে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। শরীরে প্রচণ্ড দুর্বলতা দেখা দেওয়ায় তারা নড়াচড়া ও স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না।

তিনি আরও জানান, খবর পেয়ে তার বাবা নয়ন শেখ ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। পরে ঘরে থাকা সব খাবার ফেলে দেওয়া হয়। রাতে তার ফুপু নতুন করে রান্না করেন। কিন্তু ওই খাবার খাওয়ার পর তার বাবা ও ফুপুও অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে খাবার কিংবা পানিতে কোনো কিছু মেশানো হয়েছিল কি না—এমন সন্দেহ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াসিফ বলেন, অসুস্থ অবস্থায় পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে আসেন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ঘটনার পর পরিবারের রান্না করা খাবার ও পানির বিষয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে পরিবারের ১১ সদস্যের অসুস্থতার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা।

ছবি: অসুস্থ পরিবারের সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।