গোপালগঞ্জে ৩ মরদেহ উদ্ধার, দুজনের ঝুলন্ত লাশ। 

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে ৩ মরদেহ উদ্ধার, দুজনের ঝুলন্ত লাশ। 

গোপালগঞ্জে পৃথক তিনটি স্থান থেকে এক বৃদ্ধসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে জেলার মুকসুদপুর, কাশিয়ানী ও সদর উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় শনিবার পাট ধোয়ার পর কুমার নদ সাঁতরে পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান বৃদ্ধ মিজানুর রহমান খলিফা। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার সকালে উপজেলার ভট্টাচার্য্যকান্দি এলাকায় কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্যা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, নেশা করার জন্য টাকা না দেওয়ায় রাতের কোনো একসময় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে বাবুল মিয়া নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রীর দাবি, বাবুল মিয়া মাদকাসক্ত ছিলেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, বৃদ্ধের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।