গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ।

 

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

সভায় বক্তারা বলেন, একটি সফল মৎস্য চাষ প্রকল্পের জন্য পুকুর প্রস্তুত করা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে কম খরচে অধিক উৎপাদন ও লাভ করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে সবাইকে মৎস্য চাষে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে দীর্ঘদিন ধরে মৎস্য চাষে অবদান রাখা চাষিদের কর্মজীবনের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, মৎস্য চাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।