গোবিপ্রবিতে জুলাই ফিস্টে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে তোলপাড়।

গোবিপ্রবি প্রতিবেদক:

গোবিপ্রবিতে জুলাই ফিস্টে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে তোলপাড়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) পাঁচটি আবাসিক হলে আয়োজিত বিশেষ ফিস্টে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের পর শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। একই সঙ্গে পুনরায় ফিস্টের আয়োজন এবং টোকেন বাবদ নেওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ তিতুমীর, স্বাধীনতা, বনলতা, অপরাজিতা ও বিজয় দিবস হলে বিশেষ ফিস্টের আয়োজন করা হয়। তবে খাবার পরিবেশনের পরই এর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, পরিবেশিত চালের মান ছিল নিম্নমানের। এছাড়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের খাবারে পচা ডিম দেওয়া হয়েছে এবং রান্না করা মাংস থেকেও দুর্গন্ধ বের হচ্ছিল। শহীদ তিতুমীর হলের এক শিক্ষার্থী জানান, তার পরিবেশিত ডিমটি পচা ছিল। এসব অভিযোগের পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

ঘটনার পর সংশ্লিষ্ট হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়। শহীদ তিতুমীর হলের প্রভোস্ট নাসির উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। মিলের জন্য নির্ধারিত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, “ঘটনার জন্য আমি শিক্ষার্থীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হবে। যারা দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুনরায় ফিস্টের আয়োজন করা হবে, যাতে তারা মানসম্মত খাবার গ্রহণ করতে পারেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ তিতুমীর, স্বাধীনতা, বনলতা, অপরাজিতা ও বিজয় দিবস হলে ফিস্টের টোকেন বাবদ নেওয়া ৪০ টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

এদিকে খাবারকে কেন্দ্র করে স্বাধীনতা দিবস হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে আবাসিক হলের খাবারের মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।