শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস।

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক :

নইন আবু নাঈম তালুকদার
যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটের শরণখোলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, জুলাইযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল এবং জুলাইযোদ্ধা পরিবারের পক্ষে আলতাফ হোসেন জমাদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ১১টি জুলাইযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং জুলাইযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।