টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জমি থেকে মাটি কাটার অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলজিইডির সড়ক

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া  প্রতিবেদক :

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের আড়জুড়ি মৌজায় সরকারি খাস জমি থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল শেখের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গত চার থেকে পাঁচ দিন ধরে সরকারি জমি থেকে অবাধে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে পাশের এলজিইডির কার্পেটিং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুশলী ইউনিয়নের আড়জুড়ি মৌজায় মধুমতি নদীর তীরবর্তী সরকারি খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। মাটি পরিবহনের কারণে রামচন্দ্রপুর ৮ নম্বর ওয়ার্ডের সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাস্থলে থাকা ভেকু চালক হেলাল সাংবাদিকদের বলেন, “আমার গাড়ি চুক্তি করে নিয়ে এসেছেন ইমরুল। আমরা রাস্তার পাশ থেকে যে মাটি কাটছি, পরে আবার ভরাট করে দেব।”

এলজিইডির সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “রাস্তার কিছু ক্ষতি হচ্ছে, তবে এ বিষয়ে আমাদের কিছু করার নেই।”

এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাস জমি থেকে মাটি কাটার পাশাপাশি ভারী যন্ত্রপাতি চলাচলের কারণে সরকারি সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে একদিকে সরকারের অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে ইমরুল শেখ বলেন, “হ্যাঁ, মাটি আমি কাটাচ্ছি। আমি এখন ব্যস্ত আছি, পরে আপনাদের সঙ্গে কথা বলব।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ বলেন, “ইমরুল পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সরকারি খাস জমি থেকে মাটি কাটার বিষয়টি আমি জানতাম না। আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। বিষয়টি তার সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।”

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

এদিকে স্থানীয় বাসিন্দারা সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটা অবিলম্বে বন্ধ, ক্ষতিগ্রস্ত এলজিইডির সড়ক দ্রুত সংস্কার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।