টুঙ্গিপাড়ায় বিদায়ী ইউএনও জহিরুল আলমকে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সংবর্ধনা।

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া  প্রতিবেদক :

টুঙ্গিপাড়ায় বিদায়ী ইউএনও জহিরুল আলমকে প্রেসক্লাবের সংবর্ধনা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের বদলিজনিত বিদায় উপলক্ষে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের উদ্যোগে আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় টুঙ্গিপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও জহিরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

জানা যায়, জহিরুল আলম ২০২৫ সালের ৭ ডিসেম্বর টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ৭ মাস ২২ দিনের কর্মকালীন সময়ে তিনি দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামুখী উদ্যোগ এবং প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তিনি সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন বলেন, “জহিরুল আলম একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে টুঙ্গিপাড়ার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

বিদায়ী বক্তব্যে ইউএনও জহিরুল আলম টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। টুঙ্গিপাড়ার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা তিনি আজীবন স্মরণে রাখবেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত হোসেন মুকুল, সহ-সভাপতি অহিদুর জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেস বৈরাগ, নির্বাহী সদস্য এস. এম. বিপুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিদায়ী ইউএনও জহিরুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। এছাড়া পৌর প্রশাসকের দায়িত্ব পালন করায় টুঙ্গিপাড়া পৌরসভার পক্ষ থেকেও তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষে বিদায়ী ইউএনও জহিরুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করে উপস্থিত সবাই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।