টুঙ্গিপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ।

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

টুঙ্গিপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটগাতী মধ্যপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস এবং ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউল করিম শেখ নজরুল।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ শেষে ইউএনও জহিরুল আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। এই ত্রাণসামগ্রী হয়তো সব সমস্যার সমাধান নয়, তবে এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, “বন্যাকবলিত মানুষের পাশে আমরা শুরু থেকেই রয়েছি। তাদের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

ত্রাণপ্রাপ্ত বন্যার্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা দুর্যোগের সময় তাদের দৈনন্দিন খাদ্যসংকট কিছুটা হলেও লাঘব করবে।

স্থানীয়দের আশা, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।