
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

[ বিশ্ব বাঘ দিবসের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ]
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে নেওয়া উদ্যোগের ফলে বাঘের সংখ্যা বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। সর্বশেষ জরিপ অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি থেকে বেড়ে ১২৫টিতে দাঁড়িয়েছে। এই সংখ্যা শুধু মৌখিক তথ্যের ভিত্তিতে নয়, বরং ক্যামেরা ট্র্যাপিং প্রযুক্তি, বাঘের শরীরের ডোরাকাটা দাগ বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক তথ্য যাচাইয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
বাঘের সংখ্যা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্টরা বলছেন, এই জরিপের প্রতিটি ধাপ আন্তর্জাতিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। জরিপে সংগৃহীত ছবি, ভিডিও ও তথ্যের ভিত্তিতে প্রতিটি বাঘের আলাদা পরিচিতি (Individual ID) তৈরি করা হয়েছে।
ক্যামেরা ট্র্যাপিংয়ে ৩ লাখের বেশি ছবি, বসানো হয়েছিল ১,৩৩০টি ক্যামেরা, সুন্দরবনের বাঘ জরিপে ব্যবহার করা হয় আধুনিক ক্যামেরা ট্র্যাপিং প্রযুক্তি।
জরিপ চলাকালে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গাছ পালার আড়ালে ১,৩৩০টি অত্যাধুনিক মোশন-সেন্সর ক্যামেরা স্থাপন করা হয়। বনের ভেতর দিয়ে কোনো বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী চলাচল করলে এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ধারণ করে। পুরো জরিপ কার্যক্রমে বাঘের প্রায় ৩ লাখের বেশি ছবি সংগ্রহ করা হয়।
এসব ছবি ও ভিডিও বিশ্লেষণ করে গবেষকরা বাঘের উপস্থিতি, চলাচলের এলাকা এবং সংখ্যা নির্ধারণ করেন।
ডোরাকাটা দাগ বিশ্লেষণে শনাক্ত করা হয় আলাদা বাঘ
বাঘ গণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি হলো শরীরের ডোরাকাটা দাগ বিশ্লেষণ। মানুষের আঙুলের ছাপ যেমন একেকজনের ক্ষেত্রে আলাদা, তেমনি বাঘের শরীরের কালো ডোরার নকশাও প্রতিটি বাঘের জন্য আলাদা।
ক্যামেরা ট্র্যাপে পাওয়া ছবিগুলো বিশেষায়িত সফটওয়্যার ও বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হয়। বাঘের গায়ের ডোরার অবস্থান, আকৃতি, জ্যামিতিক বিন্যাস এবং মুখের বৈশিষ্ট্য মিলিয়ে প্রতিটি বাঘকে আলাদা শনাক্ত করা হয়।
একই বাঘ যদি ভিন্ন সময়ে বা ভিন্ন ক্যামেরায় ধরা পড়ে, তাহলে তার ডোরার নকশা মিলিয়ে সেটিকে একই বাঘ হিসেবে গণনা করা হয়। ফলে একই বাঘকে একাধিকবার গণনা করার ঝুঁকি কমে যায়।
বাঘের ছবি, ভিডিও ও লোকেশনভিত্তিক ডিজিটাল ডেটাবেজ – জরিপে শনাক্ত করা প্রতিটি বাঘের জন্য আলাদা ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। এতে প্রতিটি বাঘের ছবি, ভিডিও, শনাক্তকরণ নম্বর, অবস্থান এবং পর্যবেক্ষণের তথ্য সংরক্ষিত রয়েছে।
ক্যামেরা ট্র্যাপে ধারণ করা ছবির সঙ্গে সাধারণত সময়, তারিখ, ক্যামেরার অবস্থানসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত থাকে। এসব তথ্যের ভিত্তিতে গবেষকরা বাঘের চলাচল ও সংখ্যা বিশ্লেষণ করেন।
শাবকের উপস্থিতি সুন্দরবনের সুস্থ পরিবেশের প্রমাণ – জরিপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল বিভিন্ন এলাকায় মা বাঘের সঙ্গে বাঘের শাবকের উপস্থিতি। ক্যামেরায় ১৯টি বাঘের শাবকের চলাচলের দৃশ্য ধারণ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, মা বাঘের সঙ্গে শাবকের উপস্থিতি প্রমাণ করে যে সুন্দরবনের পরিবেশ এখনও বাঘের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গণমাধ্যমে একই ছবি ব্যবহারের কারণে বিভ্রান্তি, বাঘের সংখ্যা নিয়ে আলোচনার সময় অনেক ক্ষেত্রে গণমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিও থেকে বিভ্রান্তি তৈরি হয়।
টেলিভিশন চ্যানেল গুলো প্রতিবেদন আকর্ষণীয় করার জন্য অনেক সময় ফাইল ফুটেজ, পুরোনো ভিডিও ক্লিপ বা সুন্দরবনের পরিচিত কিছু ছবি বারবার ব্যবহার করে।
এটি মূলত সংবাদ সম্পাদনার অংশ। এর সঙ্গে বাঘ গণনার বৈজ্ঞানিক ডেটাবেজের কোনো সম্পর্ক নেই।
প্রকল্পের মূল তথ্যভাণ্ডারে প্রতিটি বাঘের আলাদা ছবি, ডোরাকাটা দাগের বিশ্লেষণ, শনাক্তকরণ নম্বর এবং অবস্থানভিত্তিক তথ্য সংরক্ষিত থাকে।
বাঘ রক্ষায় অভিযান, আটক ১৪৯ জন – সুন্দরবনের বাঘ রক্ষায় বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাশিকার বন্ধ, বন্যপ্রাণী পাচার প্রতিরোধ এবং বাঘের আবাসস্থল সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাম্প্রতিক তথ্যে জানা যায়, চোরাশিকারিদের বিরুদ্ধে দায়ের করা ৯৬টি বন্যপ্রাণী মামলায় ১৪৯ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এছাড়া সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে বাঘ ও হরিণ শিকারে ব্যবহৃত শত শত ফাঁদ উদ্ধার করা হয়েছে।
আড়াই দশকে চোরাশিকারিদের হাতে নিহত ২৬ বাঘ – বাঘের সংখ্যা বৃদ্ধির তথ্যের পাশাপাশি চোরাশিকার এখনও বড় হুমকি হিসেবে রয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, বিগত আড়াই দশকে চোরাশিকারিদের হাতে ২৬টি বাঘ নিহত হয়েছে।
এছাড়া বিভিন্ন সময়ে বাঘের চামড়া, হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনা সুন্দরবনের বাঘ সংরক্ষণে অব্যাহত ঝুঁকির চিত্র তুলে ধরে।
বাঘ হত্যা ও শিকারে কঠোর আইন – বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৬ ধারা অনুযায়ী, বাঘ শিকার বা হত্যা জামিন-অযোগ্য অপরাধ।

এই অপরাধে সর্বোচ্চ ৭ বছর এবং সর্বনিম্ন ২ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।
সংরক্ষণে প্রয়োজন আরও বৈজ্ঞানিক উদ্যোগ – বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের বাঘ রক্ষায় শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন আরও আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি, নিয়মিত বৈজ্ঞানিক জরিপ, বন বিভাগের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং চোরাশিকার প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক। তাই এই প্রাণী রক্ষায় সরকারি সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, গবেষক এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করা জরুরি।