গুগল-ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপনে বড় পরিবর্তন, ডিবিআইডি নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

গুগল-ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপনে বড় পরিবর্তন, ডিবিআইডি নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার।

বাংলাদেশে অনলাইন বিজ্ঞাপন ও সীমান্তপারের ডিজিটাল বাণিজ্যে শৃঙ্খলা আনতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন ছাড়া গুগল, ফেসবুক, ইউটিউবসহ কোনো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশে নতুন করে অনলাইন বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। একই সঙ্গে বিদেশি ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানকে দেশে পণ্য বা সেবা বিক্রির আগে বাধ্যতামূলক ভাবে ডিবিআইডি নিবন্ধন নিতে হবে এবং ভ্যাট, আয়করসহ দেশের প্রচলিত সব আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয় ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’-এর পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই খসড়ার ওপর আগামী ৬ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষের মতামত আহ্বান করা হয়েছে। মতামত পর্যালোচনার পর চূড়ান্ত খসড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশে ডিজিটাল বিজ্ঞাপনের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও এতদিন এ খাতে সুস্পষ্ট নীতিমালার অভাবে সরকার উল্লেখ যোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সেই ঘাটতি দূর করতে এবং ডিজিটাল বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই নতুন নীতিমালার উদ্যোগ নেওয়া হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনা করতে হলে বিদেশি প্রতিষ্ঠানকে অবশ্যই ডিবিআইডি নিবন্ধন নিতে হবে। পাশাপাশি ভ্যাট, আয়কর ও অন্যান্য প্রযোজ্য কর-সংক্রান্ত বিধানও যথাযথ ভাবে অনুসরণ করতে হবে।

নীতিমালাটি কার্যকর হলে গুগল, মেটা, ইউটিউবসহ বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো নিবন্ধন ছাড়া বাংলাদেশে নতুন কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। তবে প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করে এবং দেশের আইন মেনে বৈধ ভাবে আমদানি করা পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও বিদ্যমান সরকারি বিধি-বিধান অনুসরণ বাধ্যতামূলক হবে।

খসড়ায় দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) ডিজিটাল মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে বিশেষ নীতিসহায়তার প্রস্তাব রাখা হয়েছে।

পার্সেল ভিত্তিক রপ্তানি সুবিধা, বীমা ব্যবস্থা, ডিজিটাল রপ্তানি আয়ের জন্য প্রণোদনা এবং দেশে-বিদেশে আধুনিক প্রসেসিং সেন্টার ও গুদামজাতকরণ অবকাঠামো গড়ে তোলার বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নকল, ভেজাল ও প্রতারণামূলক পণ্য বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। অনলাইন ভিত্তিক জুয়া, লটারি, বেটিং এবং দেশের আমদানি-রপ্তানি নীতিতে নিষিদ্ধ পণ্য বা সেবার ডিজিটাল বাণিজ্যও নিষিদ্ধ থাকবে। বিভ্রান্তিকর বা ভোক্তাকে প্রতারিত করতে পারে এমন বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে।

ব্যবসা-টু-ব্যবসা (বি-টু-বি), ব্যবসা-টু-ভোক্তা (বি-টু-সি) এবং বি-টু-বি-টু-সি ভিত্তিক আন্তর্জাতিক ডিজিটাল আমদানির সুযোগ সম্প্রসারণের পাশাপাশি অনলাইনে সরাসরি আমদানির মূল্যসীমা পুনর্বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সমন্বয়ের প্রস্তাব রাখা হয়েছে। ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দেওয়া বা পুনরায় রপ্তানির ক্ষেত্রেও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত নিয়ম অনুসরণের সুপারিশ করা হয়েছে।

আন্তর্জাতিক অর্থ লেনদেন সহজ করতে বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর সংযোগ স্থাপন এবং ‘ক্রস-বর্ডার এসক্রো’ সেবা চালুর প্রস্তাব রয়েছে। একই সঙ্গে নিবন্ধিত প্রতিষ্ঠানের রপ্তানি আয় দ্রুত দেশে আনা এবং আমদানি ব্যয় পরিশোধ সহজ করতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

ভোক্তা অধিকার সুরক্ষার বিষয়েও খসড়া নীতিমালায় একাধিক বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি, গ্যারান্টি, পণ্য ফেরত ও অর্থ ফেরতের শর্ত ক্রেতাকে আগেই জানাতে হবে। সরবরাহ করা পণ্য বর্ণনার সঙ্গে না মিললে বা নকল কিংবা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে বিক্রেতাকে তা ফেরত নিয়ে দ্রুত সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে।

এছাড়া ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজিটাল অভিযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করার প্রস্তাব রাখা হয়েছে।

আন্তর্জাতিক লেনদেনজনিত বিরোধ নিষ্পত্তির জন্য একটি স্বাধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা চালুর বিষয়টিও খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।