হাজিরায় শূন্য উপস্থিতি, বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

 

হাজিরায় শূন্য উপস্থিতি, বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে খুলনার বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ এমরান হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উপযুক্ত দণ্ড কেন প্রদান করা হবে না, তা জানতে তার কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

 

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ডা. মুহাম্মদ এমরান হোসেনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা হিসেবে বায়োমেট্রিক হাজিরায় রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও তিনি হাজিরা প্রদান করেননি। ১৮০ পঞ্জিকা দিনের (৬ মাস) মধ্যে ১৩৮ কর্মদিবস তিনি অনুপস্থিত ছিলেন, যেখানে তার উপস্থিতির হার ছিল ০ শতাংশ।

 

চিঠিতে আরও বলা হয়েছে, তিনি ম্যানুয়াল হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করেন না এবং দাপ্তরিক ও প্রশাসনিক কার্যাবলী সম্পন্নের লক্ষ্যে মাঝে মাঝে কর্মস্থলে উপস্থিত হন। সংশ্লিষ্ট অফিসের প্রশাসনিক শাখা থেকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অনুমোদিত কোনো ছুটির আবেদন পত্র পাওয়া যায়নি। এছাড়া প্রায়শই তিনি অননুমোদিত ভাবে কর্মস্থল ত্যাগ করেন।

 

এতে আরও উল্লেখ করা হয়েছে, ডা. এমরান হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য।

 

 

চিঠিতে বলা হয়, কেন তাকে এই বিধিমালার অধীনে উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
একই সঙ্গে, তিনি ব্যক্তিগত শুনানি চান কিনা, তাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।