
এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

মাদারীপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে একটি বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইনের একাধিক বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসন, মাদারীপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের যৌথ উদ্যোগে সদর উপজেলার পুরাতন বিসিক এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানে রাজধানী বেকারি নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, পচা ডিম সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের যথাযথ ব্যবস্থা না রাখা, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধনের ঘাটতি, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ না থাকা, মেঝেতে খাদ্যপণ্য সংরক্ষণ, রসিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শনে ব্যর্থ হওয়ার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানের সময় তালহা ফুড প্রোডাক্ট নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করা হবে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট, পরিদর্শন ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে কার্যক্রম পরিচালনার আহ্বানও জানানো হয়েছে।