
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদী মাত্র ১ লাখ ১০ হাজার টাকায় ইজারা দেওয়ার পর স্থানীয়দের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নদীতে মাছ ধরা, কৃষি কাজে পানির ব্যবহার এবং নৌপথের স্বাভাবিক কার্যক্রম সীমিত হয়ে পড়েছে বলে দাবি করছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে খুলনা জেলা প্রশাসন আমতলা নদীকে ‘বদ্ধ জলাশয়’ দেখিয়ে ছয় বছরের জন্য ইজারা দেয়। এরপর নদীর বিভিন্ন অংশে বাঁশের নেটপাটা ও বেড়া স্থাপন করা হয়। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।
নদীর মাছেই চলত সংসার
আমতলা নদীর পাড়ে ৯০ বছর বয়সী কায়েম আলী বিশ্বাস নিয়মিত বড়শি দিয়ে মাছ ধরতেন। সম্প্রতি তিনি নদী থেকে ধরা তিনটি ট্যাংরা মাছ দেখিয়ে বলেন, “এতে আমাদের বুড়ো-বুড়ির হয়ে যাবে।” তবে নদীতে মাছ ধরতে ভয় পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “শুনেছি নদী বিক্রি করে দিয়েছে।”
স্থানীয়দের জনগণ ও জেলেদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এই নদীর মাছ ও পানি এলাকার মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ ছিল। ইজারা দেওয়ার পর থেকে সাধারণ মানুষের নদী ব্যবহারে বাধা তৈরি হয়েছে।
কৃষির ওপরও প্রভাব
স্থানীয়দের দাবি, আমতলা নদীর পানি ব্যবহার করে প্রায় ২০ হাজার বিঘা কৃষি জমিতে চাষাবাদ করা হয়। এই নদীর ওপর নির্ভর করে আমন, আউশ, বোরো ধান, তরমুজ, কুমড়া, তিল ও মুগ ডালের মতো ফসল উৎপাদন করেন কৃষকেরা।
গঙ্গারামপুর ইউনিয়নের সুখদাড়া এক বাসিন্দা বলেন, “এই নদী থেকে মাছ ধরেই সংসার চলত। নদীর পানি দিয়ে চাষবাস হতো। আমাদের অস্তিত্ব এই নদী ঘিরেই। ইজারা দেওয়ার পর থেকে নদীতে আর আগের মতো মাছ ধরা যাচ্ছে না।”
সম্প্রতি অতিবৃষ্টির পর নদীতে দেওয়া নেটপাটায় পানি আটকে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলে স্থানীয়রা একত্রিত হয়ে কয়েকটি নেটপাটা সরিয়ে দেন বলে জানা গেছে।
নদীর বিভিন্ন স্থানে নেটপাটা
সরেজমিনে দেখা যায়, আমতলা ব্রিজ থেকে নদীর পাশের সড়ক ধরে গেলে বিভিন্ন স্থানে নদীর মধ্যে বাঁশের নেটপাটা দেখা যায়। নদীর মাঝখানে একটি টিনের ঘরও রয়েছে। স্থানীয়দের দাবি, ইজারাদারের লোকজন নদী পাহারার জন্য সেখানে অবস্থান করেন।
স্থানীয়রা এই প্রতিবেদককে জানান, কলাতলা থেকে আমতলা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই নদীর দুই পাশে ১৬টি গ্রাম রয়েছে। এসব গ্রামের মানুষ কৃষি, মৎস্য ও দৈনন্দিন ব্যবহারের জন্য নদীর ওপর নির্ভরশীল।
বটিয়াঘাটা খাল-নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিভাস মন্ডল গণমাধ্যমকে বলেন, নদীতে বাঁশ দিয়ে নেটপাটা বসানোর কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষায় জলাবদ্ধতা এবং কৃষকের ক্ষতি হচ্ছে। আবার শুষ্ক মৌসুমে পানির ব্যবস্থাপনাতেও সমস্যা তৈরি হয়।
তার অভিযোগ, মাত্র ১ লাখ ১০ হাজায় টাকার ইজারার বিনিময়ে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা সংকটের মুখে পড়েছে।
৫০ হাজার মানুষের নির্ভরতা
স্থানীয়দের মতে, আমতলা নদী শুধু একটি জলাশয় নয়, এটি এলাকার কৃষি, পানিনিষ্কাশন ও মৎস্য সম্পদের অন্যতম প্রধান উৎস।
খড়িয়া, বটবুনিয়া, বরাখালী, ছোটখড়িয়া, মরাখড়িয়া, গন্ধামারী ও বটিয়াঘাটা খাল সহ বিভিন্ন জলপথ এই নদীর সঙ্গে যুক্ত। স্থানীয়দের দাবি, প্রায় ৩৭টি গ্রামের কৃষিজমির পানি নিষ্কাশন হয় এই নদীর মাধ্যমে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা এই নদীর সঙ্গে জড়িত।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে আমতলা নদী জলমহাল হিসেবে ইজারা দেওয়া শুরু হয়। এরপর থেকেই নদীর ব্যবহার নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়।
ইজারাদারদের বিরুদ্ধে নদীতে লবন পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষের সুযোগ তৈরির অভিযোগও রয়েছে। এতে কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
২০০৬ ও ২০০৭ সালে স্থানীয়রা নদী ও সংযুক্ত খাল গুলোর ইজারা বাতিল করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি জানান। পরে বিভিন্ন সময়ে অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারণ করা হয়। ২০১০ সালে আদালতের আদেশে ইজারা-সংক্রান্ত কার্যক্রম স্থগিত হয় বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য, প্রায় ১২ বছর উন্মুক্ত থাকার পর ২০২৩ সালে খুলনা জেলা প্রশাসন আমতলা নদীকে ৬০ একর আয়তনের ‘বদ্ধ জলাশয়’ হিসেবে উল্লেখ করে গঙ্গারামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ছয় বছরের জন্য ইজারা দেয়।
এরপর নদীর বিভিন্ন স্থানে বাঁশের পাটা বসানো হয়। স্থানীয়দের অভিযোগ, এতে নদীর দুই প্রান্তের স্লুইসগেট ও খেজুরতলা গেট দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।
নদী ইজারা নিয়ে প্রশ্ন
স্থানীয়দের জনগণের দাবি, নদীকে ব্যক্তিগত ব্যবহারের জন্য ইজারা দেওয়া উচিত নয়। তারা ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ২০ ধারার বিষয়টি উল্লেখ করেন।
নদী গবেষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, “নদীতে বাঁধ দিয়ে প্রবাহ নষ্ট করা হলে নদী তার স্বাভাবিক চরিত্র হারায়। যারা নদী ইজারা দেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
প্রশাসনের অবস্থান
১৩ জুলাই খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত আমতলা নদী পরিদর্শন করেন। স্থানীয়দের দাবি, তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
নদীর দুই পাশের এলাকাবাসীর দাবি, আমতলা নদীকে পুনরায় উন্মুক্ত করে কৃষক, জেলে ও সাধারণ মানুষের স্বাভাবিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক।