
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের কাছে একটি ছাতার ভেতর থেকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ডিভাইসটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বিশেষজ্ঞ দল আইইডিটি সফল ভাবে নিষ্ক্রিয় করে।
তিনি আরও জানান, মেট্রো স্টেশনসংলগ্ন সড়কে পড়ে থাকা একটি ছাতার ভেতরে ডিভাইসটি রাখা ছিল। কারা এটি সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
বোম্ব ডিসপোজাল ইউনিটের সূত্র জানায়, উদ্ধার হওয়া আইইডিটিতে একটি বৈদ্যুতিক সার্কিট, ব্যাটারি এবং ধাতব পাইপের ভেতরে আনুমানিক এক থেকে দেড় কেজি সালফার ছিল। এছাড়া বিস্ফোরণের সময় ক্ষয়ক্ষতি বাড়ানোর উদ্দেশ্যে বিপুল পরিমাণ ছোট লোহার বল (বিয়ারিং বল) স্প্লিন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাতার বোতামে চাপ দিলেই ডিভাইসটি বিস্ফোরিত হওয়ার মতোভাবে এটি তৈরি করা হয়েছিল।
এদিকে ডিভাইসটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের স্প্লিন্টারে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হন। রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মিরাজ আহমেদ জানান, তিনি মতিঝিলের আরামবাগ এলাকার বাসিন্দা। মেট্রো স্টেশনের পাশ দিয়ে বাসায় ফেরার সময় বিস্ফোরণের স্প্লিন্টার তার বাম চোখের নিচে আঘাত করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত মিরাজ আহমেদের চক্ষু বিভাগে চিকিৎসা চলছে।
আপডেট: রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিবেদনটি হালনাগাদ করা হয়েছে। শুরুতে জানানো হয়েছিল, এ ঘটনায় কেউ আহত হননি। পরে আহত পথচারীর তথ্য নিশ্চিত হওয়ায় প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে।