
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এখনো পুরোপুরি চালু না হওয়ায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও বিদ্যুৎ উৎপাদনে। কোথাও রান্নার চুলায় গ্যাস নেই, কোথাও উৎপাদন বন্ধ, আবার কোথাও সিএনজি নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে, গ্যাসের সরবরাহ কম থাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি। অনেক স্টেশনেই গ্যাস না থাকায় গাড়ি চালকদের খালি হাতেই ফিরে যেতে হয়েছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামতের কাজ শুক্রবারের মধ্যে শেষ হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতের দিকে টার্মিনালটি আংশিক ভাবে চালু হতে পারে। এফএসআরইউ পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এ তথ্য পেট্রোবাংলাকে জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টার্মিনালটি মেরামতের পর চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য যুক্তরাজ্য থেকে দুইজন প্রকৌশলী এসেছেন। উল্লেখ্য, মঙ্গলবার সকালে শর্ট সার্কিট থেকে এফএসআরইউতে আগুন লাগার পর সেটি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রতিদিন আমদানি করা এলএনজির সরবরাহ ৪৫ থেকে ৫০ কোটি ঘনফুট কমে যায়।
এর আগে দেশে প্রতিদিন প্রায় ২৬৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো, যার মধ্যে প্রায় ১১০ কোটি ঘনফুট ছিল আমদানি করা এলএনজি। বর্তমানে সরবরাহ কমে প্রায় ২২০ কোটি ঘনফুটে নেমে এসেছে। ফলে সারা দেশে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এফএসআরইউ পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সংকট অব্যাহত থাকবে এবং এতে শিল্প উৎপাদনে বড় ধরনের ক্ষতি হতে পারে।
গ্যাস সংকটের প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে। উৎপাদন কমে যাওয়ায় বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার এক গৃহিণী জানান, আগে বাসায় সারাক্ষণ গ্যাস থাকলেও গত দুই দিন ধরে চুলায় গ্যাস নেই। ছোট দুই শিশুর খাবার প্রস্তুত করতে না পেরে তিনি চরম দুর্ভোগে পড়েছেন।
একই এলাকার বাসিন্দা বাবু বলেন, তিন দিন ধরে তাদের বাসায় গ্যাস নেই। বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডারের চুলা ব্যবহার করছেন। তার প্রশ্ন, তিতাসকে গ্যাসের বিল দেওয়ার পাশাপাশি এলপিজি কিনতে হলে সাধারণ মানুষ কীভাবে চলবে ?
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাস না থাকায় সিএনজি রিফুয়েলিং সম্পূর্ণ বন্ধ।
তবে পেট্রোল ও অকটেন সরবরাহ স্বাভাবিক ছিল। স্টেশনের এক কর্মচারী জানান, বুধবার রাতের পর আর কোনো গ্যাস সরবরাহ পাওয়া যায়নি। ফলে সারাদিন কর্মচারীদের অলস বসে থাকতে হয়েছে এবং গাড়িগুলো ফিরে যাচ্ছে।
কাওরান বাজার এলাকার একটি সিএনজি স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন অটোরিকশা চালক করিম। তিনি বলেন, রাজধানীর অধিকাংশ পাম্পেই গ্যাস নেই। যেখানে সামান্য গ্যাস আসে, সেখানে দীর্ঘ লাইন তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই চাপ কমে যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস নিতে পারছেন না।
গ্যাসের স্বল্পচাপের কারণে রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশার চলাচলও উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের শিল্পখাত। তিতাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইলসহ বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ অত্যন্ত কম। অনেক কারখানাই বৃহস্পতিবার উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
পেট্রোবাংলা ও আরপিজিসিএলের কর্মকর্তারা জানান, বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালের প্রাথমিক ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। শুক্রবার পুনরায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে বিকেলের দিকে আংশিক ভাবে গ্যাস সরবরাহ শুরু হতে পারে। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পূর্ণমাত্রায় এলএনজি সরবরাহ চালু করা হবে না।
জানা গেছে, ভাসমান এই টার্মিনালের সঙ্গে প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন বিটিইউ এলএনজিবাহী জাহাজ সংযুক্ত করা হবে। নিরাপত্তাজনিত কারণে সব ধরনের পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই গ্যাস সরবরাহ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, গ্যাস সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশ বর্তমানে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। দেশে প্রতিদিন প্রায় ৪০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ২৬৫ কোটি ঘনফুট। স্থানীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমে বর্তমানে প্রায় ১৬০ কোটি ঘনফুটে নেমে এসেছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে আগামী দুই বছরের মধ্যে এ উৎপাদন আরও কমে প্রায় ১৪০ কোটি ঘনফুটে নেমে আসতে পারে।
এ অবস্থায় এলএনজি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়লেও দেশে এখনো স্থলভিত্তিক (ল্যান্ড বেইজড) এলএনজি টার্মিনাল নির্মাণের কোনো কার্যকর বিকল্প গড়ে ওঠেনি। ফলে ভাসমান টার্মিনালে সামান্য ত্রুটিও দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।