
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

রাজধানীর মতিঝিল থেকে গুলশান এলাকায় প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে গুলশান-হাতিরঝিল পুলিশ প্লাজার কাছে নিকুঞ্জের শেষ সীমানায় নির্মাণাধীন ২৬ তলা একটি ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়, প্রধান কার্যালয় স্থাপনের জন্য ভবনটি কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ভবনটি কিনতে কর ও অন্যান্য আনুষঙ্গিক খরচসহ মোট প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় হবে।
ভবন ক্রয়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা গুলোর প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে পূবালী ব্যাংক।
বর্তমানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানীর দিলকুশা এলাকার ব্যাংকপাড়ায় অবস্থিত। নতুন প্রধান কার্যালয়ের জন্য নির্বাচিত ভবনটি তেজগাঁও লিংক রোডে পুলিশ প্লাজার সামনে অবস্থিত। তিনটি বেজমেন্টসহ ২৬ তলা ভবনটি নির্মাণ করা হচ্ছিল সুইস হোটেল হিসেবে।
জানা গেছে, ভবনটির বিনিয়োগকারী ছিল বেঙ্গল গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম। ৫ আগস্টের পর তিনি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
ভবনটির মূল কাঠামো নির্মাণ শেষ হলেও আনুষঙ্গিক কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ভবন বিক্রির সিদ্ধান্ত হওয়ায় সেখানে আর সুইস হোটেল নির্মাণ হচ্ছে না। ভবনটির পাশেই রয়েছে হাতিরঝিল উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়।
পূবালী ব্যাংকের এই বড় ধরনের মূলধনী ব্যয় নিয়ে ব্যাংকিং খাতের বিভিন্ন মহলে কিছু প্রশ্নও উঠছে।
বিশ্লেষকদের মতে, দেশের ব্যাংকিং খাত যখন তারল্য ব্যবস্থাপনা ও অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে, তখন একসঙ্গে ৮০০ কোটি টাকা একটি স্থাবর সম্পদে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অনেকের মতে, এই অর্থ ব্যবসায়িক ঋণ বিতরণে ব্যবহার করা হলে স্বল্পমেয়াদে আয় ও নগদ প্রবাহ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারত।
এ ছাড়া ভবনটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ফলে ৮০০ কোটি টাকা দিয়ে ভবন কেনার পর ইন্টেরিয়র, প্রযুক্তিগত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সাজ সজ্জার জন্য ব্যাংককে আরও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হতে পারে। এতে সময় ও অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন হবে।
অন্যদিকে, বড় ধরনের মূলধনী ব্যয়ের কারণে ভবিষ্যতে শেয়ার হোল্ডারদের তাৎক্ষণিক রিটার্নের ওপরও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। তাদের মতে, বড় বিনিয়োগের কারণে নগদ লভ্যাংশ (Cash Dividend) দেওয়ার সক্ষমতা কিছুটা কমে গেলে সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বোনাস শেয়ারের ওপর নির্ভরতা বাড়তে পারে।
তবে পূবালী ব্যাংক কর্তৃপক্ষের মতে, নিজস্ব প্রধান কার্যালয় প্রতিষ্ঠা দীর্ঘমেয়াদি অবকাঠামোগত বিনিয়োগের অংশ।
প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পর ভবন ক্রয় ও প্রধান কার্যালয় স্থানান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।