
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

চট্টগ্রামের জেলার লোহাগাড়ার চুনতি সংরক্ষিত বনের প্রায় ৮ একরের একটি বাঁশ বাগানের একাংশ উজাড় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, এটি বন্য হাতির গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস। তাদের আশঙ্কা, বাঁশ বাগান ধ্বংস হলে হাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসবে।
এতে মানুষ-হাতি সংঘাত আরও বাড়তে পারে।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি সংরক্ষিত বনে অবস্থিত এই বাঁশ বাগানটি ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন জানান, বাগানটি দীর্ঘদিন ধরে বন্য হাতির নিয়মিত খাদ্য সংগ্রহের অন্যতম স্থান। বাঁশ বাগান ধ্বংসের কারণে হাতির স্বাভাবিক বিচরণ ও খাদ্য সংগ্রহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বন গবেষক ও বন্য প্রাণী বিশেষজ্ঞরা।
চট্টগ্রাম বিভাগের লোহাগাড়া উপজেলা সদর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে চুনতি হাজী রাস্তার মাথা এলাকা। সেখান থেকে গ্রামীণ সড়ক ধরে কয়েক কিলোমিটার এগিয়ে নয়াপাড়া এলাকায় একটি টিলা চোখে পড়ে। সেখানেই বাঁশ বাগানটির অবস্থান। এলাকাবাসীর কাছে এটি ‘বাঁশ বাগান পাহাড়’ নামে পরিচিত। বাঁশ ঝাড়ের কারণেই পাহাড়টির এমন নাম হয়েছে। প্রায় ৮ একর আয়তনের এই পাহাড়ের বাঁশ একটি সংঘবদ্ধ সিন্ডিকেট কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, প্রায় ৮ একর আয়তনের পাহাড়টির বেশির ভাগ অংশ এখনো বাঁশঝাড়, বনজ গাছপালা, গুল্ম ও লতাপাতায় আচ্ছাদিত। তবে পাহাড়ের দক্ষিণ পাশে প্রায় এক একর জায়গা উজাড় করে পরিষ্কার করা হয়েছে। উজাড়ের পর সেখানকার গাছপালা সরিয়ে নেওয়া হয়েছে। ওই স্থানে হাতির বিষ্ঠা ও পায়ের ছাপ দেখা গেছে। স্থানীয় লোকজন জানান, মাত্র তিন দিন আগেও ওই পাহাড়ে কচি বাঁশ খেতে এসেছিল বুনো হাতির একটি দল। জায়গাটি হাতির কাছে অত্যন্ত প্রিয়।
সংরক্ষিত বনের একাংশে বাঁশ ও গাছ কেটে ফেলার চিহ্ন এখনো স্পষ্ট। কোথাও বাঁশ গোড়াসহ তুলে নেওয়ায় গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার কেটে ফেলা গাছের গুঁড়ির নিচের অংশ পড়ে রয়েছে।
স্থানীয়দের দাবি, সংরক্ষিত এই বাঁশ বাগানটি ওই এলাকার হাতির খাদ্যের প্রধান উৎস। বনে নিয়মিত হাতি আসার প্রমাণ হিসেবে সেখানে পড়ে থাকা মল ও পায়ের ছাপও দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় পুরো বনটি বাঁশঝাড়ে পরিপূর্ণ ছিল। প্রায় তিন বছর আগে থেকে ধীরে ধীরে এসব বাঁশঝাড় উজাড় করে বনজ গাছ রোপণ করা হয়। বর্তমানে যে অংশটি উজাড় করা হচ্ছে, সেখানেও আগে ঘন বাঁশ ঝাড় ছিল। সেসব কেটে ট্রাক ভর্তি করে অন্যত্র নিয়ে বিক্রি করা হয়েছে। কেটে ফেলা অংশের পাশেই এখনো অনেক বাঁশ ঝাড় রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, পর্যায়ক্রমে সেগুলোও উজাড় করা হবে।
এ বিষয়ে স্থানীয় কয়েক জন বাসিন্দার সঙ্গে গণমাধ্যমের কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের নেতৃত্বে প্রায় আট সদস্যের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট বাগানটি উজাড় করছে। গত রোববার ছয়জন শ্রমিক দিয়ে বাগানের একাংশ পরিষ্কার করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো বাগান উজাড় করে সেখানে বাণিজ্যিক ভাবে বনজ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম গণমাধ্যমকে বলেন, তিনি জায়গাটি চেনেন না এবং সেটি তার এলাকার মধ্যে নয়।
বন গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, বাঁশ হাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য। সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের বাঁশ বাগান উজাড় হলে হাতি খাদ্যের সন্ধানে লোকালয় ও মানুষের কৃষি জমিতে ঢুকে পড়বে। এতে মানুষ-হাতি সংঘাত আরও বাড়বে।
অনুসন্ধানে জানা যায়, বাঁশ, লতাগুল্ম ও ছোট গাছ কেটে বনের এক পাশে বাণিজ্যিক ভিত্তিতে গাছ লাগানোর জন্য জমি প্রস্তুত করেছে একটি চক্র। গতকাল দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সংরক্ষিত বনে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
বাঁশ বাগান পাহাড়টি চুনতি চট্টগ্রাম রেঞ্জের সাতগড় বনবিটের অধীনে। ওই বিটের বিট কর্মকর্তা বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, “ওই পাহাড়ে বন বিভাগ ২০০৪ সালে বাঁশবাগান তৈরি করেছিল। আমি এখানে যোগদান করেছি মাত্র দুই মাস আগে। দীর্ঘদিন ধরে যারা বাঁশ বাগান উজাড় করে বাণিজ্যিক বাগান সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আগে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি।

তিনি আরও বলেন এখন আমরা অভিযান চালিয়ে বাণিজ্যিক ভাবে লাগানো গাছ উচ্ছেদ করব এবং সেখানে পুনরায় বাঁশ রোপণ করে বাগানটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনব। একই সঙ্গে উজাড়ের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।