খুলনার ডুমুরিয়ায় শৈলমারী নদী দখলমুক্ত না হলে বাড়বে জলাবদ্ধতা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার ডুমুরিয়ায় শৈলমারী নদী দখলমুক্ত না হলে বাড়বে জলাবদ্ধতা।

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প শৈলমারী নদী পুনঃখনন কার্যক্রম অবৈধ দখল ও প্রশাসনিক জটিলতায় প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। একই সঙ্গে খননকৃত পলি ফেলার স্থান নির্ধারণ না হওয়ায় মূল নদীর ড্রেজিংও শুরু করা যাচ্ছে না। ফলে বিল ডাকাতিয়া সহ ডুমুরিয়া, বটিয়াঘাটা ও খুলনা মহানগরের একাংশের লাখো মানুষের জলাবদ্ধতা নিরসনের আশা অনিশ্চয়তার মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রামদিয়া ১০ ভেন্ট রেগুলেটর থেকে বটিয়াঘাটা সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার নদী পুনঃখননের জন্য ১ কোটি ৪ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে কাজ শুরুর পরই নদীর তীর ও সীমানা দখল করে থাকা প্রভাবশালী ব্যক্তিদের বাধায় খনন কাজ বন্ধ হয়ে যায়।

পাউবোর তথ্য অনুযায়ী, কাজীবাছা থেকে শরাফপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার শৈলমারী নদী নাব্যতা হারিয়েছে। এর ফলে প্রতি বর্ষায় ডুমুরিয়া, বটিয়াঘাটা ও খুলনা মহানগরের একাংশে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

এদিকে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রামদিয়া ১০ ভেন্ট রেগুলেটরের ডাইভারশন চ্যানেল সহ আরও প্রায় দেড় কিলোমিটার অংশে কাজ চললেও মূল নদীর ড্রেজিং শুরু হয়নি। কারণ খননকৃত পলি ফেলার স্থান এখনো নির্ধারণ করা যায়নি।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হাই শেখ এই প্রতিবেদককে বলেন, নদীর সীমানা নির্ধারণের পরও কয়েকজন ব্যক্তি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে খুলনা ড্রেজার অপারেশন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস গণমাধ্যমকে জানান, পলি ফেলার স্থান নির্ধারণ হলেই মূল নদীর ড্রেজিং শুরু করা হবে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার সাংবাদিকদের বলেন, নদীর জমি অবৈধ ভাবে দখলকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত খনন কাজ এগিয়ে নেওয়া হবে।

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান গণমাধ্যমকে বলেন, নদী খননে কোনো ধরনের বাধা বরদাস্ত করা হবে না। প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর, রঘুনাথপুর, ধামালিয়া, মাগুরাঘোনা, খর্ণিয়া, আটলিয়া, গুটুদিয়া ও ডুমুরিয়া ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের ৩০ হাজারের বেশি পরিবার পানিবন্দী রয়েছে। গত ১০ জুলাইয়ের ভারী বৃষ্টির পর থেকে জলাবদ্ধতা শুরু হয়।

মুজারঘুটা, বারানসি, কৃষ্ণনগর, আন্দুলিয়া, কোমরাইল, গজেন্দ্রপুর, রামকৃষ্ণপুর, পাঁচপোতা, গুটুদিয়া, মির্জাপুর, খলসী, সাজিয়াড়া সহ বিভিন্ন গ্রামের মানুষ পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয়দের অভিযোগ, শৈলমারী নদী দখলমুক্ত করে দ্রুত পূর্ণাঙ্গ খনন সম্পন্ন না হলে প্রতি বছরের মতো এবারও জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হবে।

এতে কৃষিজমি, মৎস্য খামার, বসত-বাড়ি ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি, দখলদার উচ্ছেদ, পলি অপসারণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ দ্রুত নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে শৈলমারী নদীর পূর্ণাঙ্গ খনন ও দখল মুক্ত করার কোনো বিকল্প নেই।