জলবায়ু ক্ষয়-ক্ষতি মোকাবিলায় জাতীয় কৌশল প্রণয়নে খুলনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

জলবায়ু ক্ষয়-ক্ষতি মোকাবিলায় জাতীয় কৌশল প্রণয়নে খুলনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ক্ষয়-ক্ষতি নিরূপণ এবং জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে খুলনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) খুলনা পরিবেশ অধিদপ্তরের সভা কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের আওতায় ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির বিষয়ে জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা’ শীর্ষক প্রকল্পের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসিফুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে জলবায়ুর পরিবর্তন এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলামের সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো: মুজিবুর রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউট (আইডিএম)-এর সহযোগী অধ্যাপক ড. আঞ্জুম তাসনুভা।

কর্মশালায় বক্তব্য রাখেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, উপপরিচালক মিহির লাল সরদার এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসান সহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন এ্যাডামস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আশিক মাহমুদ।

কর্মশালায় পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এ প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউন্ডেশন, জাতীয় পর্যায়ে আইক্যাড এবং আন্তর্জাতিক পর্যায়ে জার্মান ওয়াচ বাস্তবায়ন করছে।

কর্মশালার উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষয়-ক্ষতি মোকাবিলা এবং এ বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এতে জলবায়ু পরিবর্তনজনিত অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষয়-ক্ষতি, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা, ক্ষয়-ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ, বাংলাদেশে ক্ষয়-ক্ষতির জাতীয় নীতিমালা প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।