সাংবাদিকদের লক্ষ্য করে গুলির পর প্রেস ক্লাবে ছুটে গেলেন কেএমপি কমিশনার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সাংবাদিকদের লক্ষ্য করে গুলির পর প্রেস ক্লাবে ছুটে গেলেন কেএমপি কমিশনার।

খুলনা মহানগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পরপরই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রেস ক্লাবে ছুটে যান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার। তিনি ভুক্তভোগী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা জোরদার, ঘটনার দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কেএমপি কমিশনারের এই তাৎক্ষণিক পদক্ষেপে খুলনার সাংবাদিক সমাজ সন্তোষ প্রকাশ করে।
পুলিশ ও খুলনার সাংবাদিকদের সূত্রে জানা যায়, ১৫ জুলাই ২০২৬ দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে খুলনা থানাধীন জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে আব্দুল জলিল শেখের পানের দোকানের সামনে এসএ টিভি খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি , দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর খুলনা প্রতিনিধি শেখ আওয়াল, স্টার টিভির খুলনা প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল এবং আমাদের সময়-এর খুলনা প্রতিনিধি হুমায়ন কবির রানা চা পান করছিলেন।
এ সময় হেলমেট পরিহিত অজ্ঞাত ২ জন সন্ত্রাসী মোটর সাইকেলের গতি কমিয়ে সাংবাদিকদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলে হামলাকারীরা দ্রুত
মোটর সাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সংবাদ পেয়ে কেএমপি পুলিশ কমিশনার তাৎক্ষণিক ভাবে আজকে খুলনা প্রেস ক্লাবে উপস্থিত হন। তিনি প্রথমেই চারজন ভুক্তভোগী সাংবাদিকের সঙ্গে পৃথক ভাবে কথা বলেন এবং তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। পুলিশ কমিশনার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অতি দ্রুত এর রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পরে প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পিবিআই, সিআইডি, র‌্যাব, ডিবি কেএমপি এবং কেএমপির অপরাধ শাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ কমিশনার আরও বলেন, দীর্ঘদিন ধরে খুলনায় সাংবাদিক সমাজের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেনি। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ ও সাংবাদিক সমাজ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কমিশনারের আকস্মিক প্রেস ক্লাবে আগমন, সাংবাদিকদের খোঁজখবর নেওয়া এবং দ্রুত তদন্ত ও নিরাপত্তার আশ্বাসে সাংবাদিক সমাজ সন্তোষ প্রকাশ করে।

এ সময় প্রেস ক্লাব খুলনার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, পুলিশ কমিশনারের তাৎক্ষণিক উপস্থিতি, আন্তরিকতা এবং ঘটনার দ্রুত তদন্তের প্রতিশ্রুতি সাংবাদিক সমাজের মধ্যে আস্থা সৃষ্টি করেছে। তিনি কমিশনারের প্রতি নিজের গভীর বিশ্বাস ও আস্থা প্রকাশ করেন এবং আশা করেন, খুব দ্রুতই এই হামলার রহস্য উদঘাটন হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।