শিক্ষা মন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

শিক্ষা মন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’।

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিকে ঘিরে চলমান আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’ বলে উল্লেখ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক ভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ (Broiler Chicken Party)।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন দেশের জেন-জি (Gen-Z) প্রজন্মের একদল শিক্ষার্থী। “We are not insulted, We are awakened” (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানকে সামনে রেখে চালু হওয়া এই পেজটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেজটি খোলার প্রায় ২৩ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এরই মধ্যে পেজটির অনুসারী (ফলোয়ার) সংখ্যা ২৪ হাজারে পৌঁছেছে। একই সময়ে পেজটি থেকে মোট ৩৮টি পোস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের আন্দোলন, ব্যঙ্গাত্মক বার্তা, মিম, ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে।
টানা ভারী বৃষ্টিপাত ও দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’ বলে মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়। তবে অডিওটির সত্যতা, বক্তব্যের প্রেক্ষাপট বা এটি সংশ্লিষ্ট ব্যক্তির কণ্ঠ কিনা, তা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই ঘটনার প্রতিবাদ ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে তৈরি হওয়া ‘Broiler Chicken Party’ পেজটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সংক্রান্ত বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট, ছবি, মিম ও ভিডিও প্রকাশ করা হচ্ছে।