আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, খুলনাসহ ১৭ জেলা উচ্চ ঝুঁকিতে।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, খুলনাসহ ১৭ জেলা উচ্চ ঝুঁকিতে।

বাংলাদেশে চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিনের গবেষণা ও মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের বেশ কয়েকটি জেলায় এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে
খুলনা ও বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালী জেলার পাশাপাশি খুলনা বিভাগের খুলনা জেলা ও বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলায় সংক্রমণের আশঙ্কা বেশি।

বিশ্লেষণে উঠে এসেছে, এক সময় ডেঙ্গু মূলত ঢাকা-কেন্দ্রিক হলেও সময় মতো কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ না করায় এটি এখন দেশের প্রায় সব জেলা ও উপজেলা শহরে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন মানুষের যাতায়াতের সঙ্গে সঙ্গে এডিস মশার বিস্তারও ঘটেছে, ফলে ডেঙ্গু এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চলের রোগ নয়।

গবেষণায় আরও দেখা গেছে, এডিস মশার আচরণেও পরিবর্তন এসেছে। আগে ধারণা ছিল এডিস মশা শুধু পরিষ্কার পানিতে ডিম পাড়ে, কিন্তু বর্তমানে নোংরা পানিতেও এডিস মশার প্রজনন হচ্ছে। ফলে শুধু পরিষ্কার পানি নয়, যেকোনো স্থানে জমে থাকা পানিই এখন ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

সাধারণ ভাবে অনেকেই মনে করেন, বর্ষাকাল শেষ হলে ডেঙ্গুর ঝুঁকিও কমে যায়। বাস্তবে চিত্রটি ভিন্ন। বর্ষাকালে এডিস মশার প্রজনন বৃদ্ধি পায় এবং আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়। তাই এই সময়টিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মশার সংখ্যা কম মনে হলেও এতে আত্মতুষ্টির সুযোগ নেই। কারণ ডেঙ্গু ছড়ানোর জন্য অল্প সংখ্যক এডিস মশাই যথেষ্ট। তাই দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।

বিশ্লেষণে আরও উঠে এসেছে, দেশে মশা নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয় হলেও অধিকাংশ কার্যক্রম পরিচালিত হচ্ছে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে। অথচ ডেঙ্গু ছড়ায় এডিস মশা, যার প্রজননস্থল ড্রেন বা নর্দমা নয়; বরং বাসা-বাড়ির ফুলের টব, বালতি, ড্রাম, বেজমেন্ট, ছাদ, গাড়ির পার্কিং এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি। ফলে এসব স্থানকে লক্ষ্য করে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

ফগিং বা ধোঁয়া প্রয়োগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। অনেক দেশ ইতোমধ্যে এই পদ্ধতি সীমিত বা বন্ধ করেছে। বিশেষজ্ঞরা পরিবেশ বান্ধব লার্ভিসাইড ও আইজিআর ব্যবহারের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি পরিবারের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, বেজমেন্ট, বারান্দা কিংবা যেকোনো স্থানে কোনো পাত্রে যেন পানি জমে না থাকে, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। যেখানে পানি সরানো সম্ভব নয়, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী লার্ভা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু মোকাবিলায় এখনই তিনটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, কমিউনিটি ভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংস অভিযান জোরদার করা। দ্বিতীয়ত, পরিবেশ বান্ধব লার্ভিসাইড বা আইজিআর প্রয়োগের মাধ্যমে লার্ভা নিয়ন্ত্রণ নিশ্চিত করা। তৃতীয়ত, হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সম্ভাব্য রোগীর চাপ মোকাবিলার প্রস্তুতি সম্পন্ন করা।
সংশ্লিষ্টদের মতে, ব্যক্তি সচেতনতা, স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং স্বাস্থ্য বিভাগের সমন্বিত প্রস্তুতির মাধ্যমেই আসন্ন মাস গুলোতে সম্ভাব্য ডেঙ্গু সংকট মোকাবিলা করা সম্ভব।