
নিজস্ব প্রতিবেদক, এম, এম, রিপন :

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল সফরে যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে নিজের বাসে ডেকে নিয়ে সংক্ষিপ্ত সময় কথা বলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই শত শত বিএনপি নেতাকর্মী তাকে স্বাগত জানাতে অবস্থান নেন। বাসের ভেতর থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
এ সময় তিনি ইশারায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লাকে নিজের বাসে উঠতে বলেন। পরে সেলিমুজ্জামান মোল্লা বাসে উঠে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক মিনিট একান্তে আলোচনা করেন। বৈঠক শেষে তিনি বাস থেকে নেমে আসেন এবং প্রধানমন্ত্রীর গাড়িবহর পুনরায় বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে।
তবে ওই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এ নিয়ে প্রধানমন্ত্রী বা সংসদ সদস্যের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি এবং স্থানীয় সংসদ সদস্যকে বাসে ডেকে নিয়ে আলোচনার ঘটনাটি উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদ কবির আলী, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর সফরকালে স্থানীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার অংশ হতে পারে। তবে বরইতলায় অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত বৈঠকের প্রকৃত বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।