
এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারিপুর :

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধানমন্ত্রীকে একনজর দেখার আশায় হাতে ফুল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন হাজারো মানুষ। কখনো ঝুম, কখনো টিপটিপ বৃষ্টি হলেও তাদের উৎসাহে ভাটা পড়েনি। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা প্রিয় নেতাকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশে যাত্রাকালে মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকা অতিক্রম করেন। এ সময় তার বহনকারী লাল-সবুজের গাড়িবহরে ফুল ছিটিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জনতার এমন উচ্ছ্বসিত অভ্যর্থনার জবাবে প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার এ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুর জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তার সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।