
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা নগরীতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ স্বর্ণসহ মাসুদ মোল্লা (৩০) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে খুলনা রেলস্টেশন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃত মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
খুলনা রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা যায়, সকালে রেলস্টেশন চত্বরে এক যুবককে ব্যাগ হাতে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে ডিউটিরত পুলিশের সন্দেহ হয়। পরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে একেকবার একেক তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
একপর্যায়ে তার সাথে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার/অলংকার উদ্ধার করা হয়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত স্বর্ণের সুনির্দিষ্ট বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ও বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি চোরাচালান মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই স্বর্ণ চোরাচালান চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।