
এস এম আজাহার হোসেন :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের একাংশকে শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার তথ্য প্রকাশ করতে দেখা যায়। এ ঘটনায় ফলাফল প্রকাশ প্রক্রিয়া ও তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবারই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি ছিল। তবে শেষ মুহূর্তে ফল প্রকাশ স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হতে পারে।
কিন্তু ফল প্রকাশ স্থগিত থাকলেও দুপুরের পর থেকেই ফেসবুকে একাধিক শিক্ষক ও অভিভাবক তাদের শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার তথ্য প্রকাশ করেন।
বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিন জুয়েল নিজের ফেসবুক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ। শিক্ষকতা পেশায় সবচেয়ে বড় প্রাপ্তি। বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথমবারের মতো পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।”
অন্যদিকে কামরুন নাহার কেয়া নামে এক অভিভাবক লিখেছেন, “আলহামদুলিল্লাহ। ভাগনে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।”
এ ধরনের একাধিক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রশ্ন দেখা দেয়—আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কীভাবে ফলাফল জানা গেল?
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল’ নামে একটি ক্যাটাগরিতে বিভাগ ও জেলা ভিত্তিক ফলাফলের তালিকার অপশন দেখা গেলেও সেখানে প্রবেশ করে ফলাফল পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, ফল প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল, তবে তা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়নি।
বিষয়টি নিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, বৃহস্পতিবার ফল প্রকাশ করা হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে ফলাফল প্রকাশ করা হতে পারে।
এর আগে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসীও বলেন, ফলাফল আজ প্রকাশিত হচ্ছে না। প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে।
ফলাফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার তথ্য ছড়িয়ে পড়া এবং ওয়েবসাইটে ফলাফলের ক্যাটাগরি দৃশ্যমান থাকার ঘটনায় তথ্য সুরক্ষা ও প্রকাশ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হয়ে থাকে, তাহলে কারা এবং কীভাবে এই তথ্যে প্রবেশাধিকার পেল—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
শিক্ষাবিদদের মতে, জাতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশের আগে এ ধরনের তথ্য ফাঁস শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের প্রতি জনআস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।