
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

দেশীয় গ্যাস ক্ষেত্র গুলোতে ধারাবাহিক ভাবে উৎপাদন কমে যাওয়ায় আগামী কয়েক বছরের মধ্যে দেশে ভয়াবহ গ্যাস সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ না থাকলে ২০২৮ সালের মধ্যে শত শত শিল্পকারখানা বন্ধ হয়ে যেতে পারে অথবা উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে। এতে লাখো শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
দেশে বর্তমানে গ্যাসের চাহিদা প্রতিদিন প্রায় ৪০০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ২৬৫ কোটি ৬০ লাখ ঘনফুট। এর মধ্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে আসছে প্রায় ১০৩ কোটি ২৩ লাখ ঘনফুট। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
সম্প্রতি বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর পর শিল্পাঞ্চল গুলোতে সংকট আরও তীব্র হয়েছে।
গাজীপুর, টাঙ্গাইল, আশুলিয়া, চন্দ্রা, ধনুয়া, রাজেন্দ্রপুর ও কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার শত শত শিল্পকারখানা গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই কারণে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতেও অনেক সময় গ্যাসের চুলা জ্বলছে না।
সরকারি হিসাবে, শুধু তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় শিল্পকারখানা ও ক্যাপটিভ সংযোগ রয়েছে ৪ হাজার ৫০০টির বেশি। এর মধ্যে ইতোমধ্যে কয়েকশ শিল্প প্রতিষ্ঠান গ্যাস সংকটের কারণে বড় ধরনের সমস্যায় পড়েছে।
তিতাস গ্যাসের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, দিন দিন গ্যাসের চাপ কমছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে শিল্পকারখানা থেকে শুরু করে আবাসিক ও অন্যান্য গ্রাহক সবাই চরম ভোগান্তিতে পড়বেন। বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়েও জানানো হয়েছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, ২০২৯ সালের মধ্যে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে অতিরিক্ত প্রায় ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই টার্মিনাল স্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে নতুন শিল্পকারখানায় গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রেও বড় সংকট তৈরি হয়েছে। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, অর্থ জমা দিয়েও দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছে প্রায় ৫৫০টি শিল্পপ্রতিষ্ঠান। এছাড়া আরও প্রায় ১ হাজার ৩০০ নতুন শিল্পকারখানার আবেদন ঝুলে আছে। এসব প্রতিষ্ঠানে সংযোগ দিতে অতিরিক্ত ৪০ কোটি ঘনফুটের বেশি গ্যাস প্রয়োজন হবে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর গড়ে প্রায় দেড় কোটি ঘনফুট করে গ্যাস উৎপাদন কমছে। অন্যদিকে শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে গ্যাসের চাহিদা বাড়ছে দ্রুত গতিতে।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে আমদানিসহ দেশে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ২৬৫ কোটি ঘনফুট। আগামী বছর জুনে তা কমে প্রায় ২৬০ কোটি ৭০ লাখ ঘনফুট এবং ২০২৮ সালে প্রায় ২৫৭ কোটি ঘনফুটে নেমে আসতে পারে। অথচ ওই সময়ে দেশের গ্যাসের চাহিদা ৫০০ কোটি ঘনফুট ছাড়িয়ে যেতে পারে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ২০২৮ সালের শেষ নাগাদ দেশের ২২টি গ্যাসক্ষেত্রের উৎপাদন দৈনিক প্রায় ৮৫ কোটি ঘনফুটে নেমে আসার আশঙ্কা রয়েছে। বর্তমানে এসব ক্ষেত্র থেকে উৎপাদন হচ্ছে প্রায় ১৬৫ কোটি ঘনফুট।
ভোলা সহ বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে ২০২৯ সালের মধ্যে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ২১ কোটি ঘনফুট গ্যাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের সময় সীমা ও অগ্রগতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ভোলা গ্যাস ক্ষেত্রের গ্যাস দেশের অন্যান্য এলাকায় নিতে পাইপলাইন স্থাপনের পরিকল্পনা করা হলেও তা কবে বাস্তবায়ন হবে তা নিশ্চিত নয়।
পেট্রোবাংলা গনমাধ্যমকে জানিয়েছে, নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে গত কয়েক বছরে একাধিক কূপ খনন করেও প্রত্যাশিত হারে গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি।
দেশের বড় গ্যাসক্ষেত্র গুলোর উৎপাদনও ক্রমেই কমছে। এক সময় দেশের অন্যতম বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানা থেকে প্রতিদিন প্রায় ১২০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হলেও বর্তমানে তা কমে প্রায় ৭৪ কোটি ৬০ লাখ ঘনফুটে নেমেছে। তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, মৌলভীবাজার, বাংগুরা ও সিলেট সহ বিভিন্ন গ্যাসক্ষেত্রেও উৎপাদন উল্লেখযোগ্য ভাবে কমেছে।
বিশেষজ্ঞদের মতে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন গ্যাস অনুসন্ধান, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও সেখান থেকে বাস্তব উৎপাদনে যেতে দীর্ঘ সময় প্রয়োজন হবে।
এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে গ্যাস সংকট শুধু শিল্পখাত নয়, দেশের সামগ্রিক অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি সংশ্লিষ্টরা।